


নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের মুখে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষের মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। দেগঙ্গায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি ওরফে মিন্টুর ওই মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও দাবি করেছে তৃণমূলের একাংশ। যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান।
জানা গিয়েছে, দেগঙ্গায় তৃণমূলের প্রার্থীপদের দৌড়ে ছিলেন মিন্টু। শেষ পর্যন্ত দল ভরসা রেখেছে দেগঙ্গা ১ ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশের উপর। আর তার পরেই নির্বাচনের এই পর্বে মিন্টুর বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে। তাঁর অভিযোগ, দল যাঁকে প্রার্থী করেছে, তাঁর থেকে কোনও ফোন বা বার্তা পাইনি। এই ধরনের আচরণ শোভনীয় নয়। তবে, তাঁর এই বক্তব্যকে ভিত্তিহীন বলেই দাবি করছে দলের একাংশ। তাঁদের যুক্তি, ২০২১ বিধানসভা ভোটে দেগঙ্গা ১ ব্লকে তৃণমূল প্রায় ১৪ হাজার ভোটে এগিয়েছিল। ২০২৪ লোকসভা নির্বাচনে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজারে। ফলে মিন্টুর এই মন্তব্য বা মনোভাবের কোনো প্রভাব এবার ভোটের ফলে পড়বে না। এদিকে, তৃণমূল নেতা মিন্টুকে আইএসএফ প্রার্থী হিসেবে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও ভাইরাল হয়েছে। যদিও এনিয়ে মিন্টুকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও উত্তর মেলেনি। তৃণমূল প্রার্থী বিদেশ বলেন, আমি যোগাযোগের চেষ্টা করেছি ফোনে। কিন্তু উনি ফোন ধরেননি। আর উনি যা বলেছেন প্রকাশ্যে, সে নিয়ে আমি কোনও মন্তব্য করব না। তাঁদের যুক্তি, তথ্য বাছাই করে ব্যক্তিগত ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে।