অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, পুলিশের জালে তৃণমূল প্রধানের ভাইপো
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: সবংয়ের একজন সামান্য ব্যবসায়ী। তার অ্যাকাউন্টেই কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন। সাইবার ক্রাইম থানার প্রাথমিক তথ্য মেলার পরই শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সবং থানার পুলিশ। ধৃতের নাম চন্দন মাইতি। তার বাড়ি সবংয়ের চাউলকুঁড়ি গ্রামে। ধৃতের কাকা গিরিধারী মাইতি তৃণমূল পরিচালিত চাউলকুঁড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান।   শনিবার চন্দকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। বছর চল্লিশের চন্দনের বাড়ির কাছেই একটি পোলট্রি ফার্ম আছে। এই ঘটনায় ইডি কিংবা সিআইডি তদন্তের দাবি তুলেছেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার প্রাথমিক তদন্তে ধরা পড়ে, সবংয়ের এই যুবকের অ্যাকাউন্টে বিপুল অংকের টাকার লেনদেন হচ্ছে। ভিন রাজ্য থেকেও নানা অভিযোগ আসে  ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে। এরপরই সবং থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরে যুবকের ওই ব্যাংক অ্যাকাউন্টের গতিবিধির উপর নজর রাখে সবং থানার পুলিশ। তারপরই শুক্রবার রাতে চন্দনকে গ্রেপ্তার করা হয়। গত কয়েকদিনে তাঁর অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন কোটি টাকার লেনদেন হয়েছে বলে সূত্রের খবর। অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন নিয়ে ধৃত যুবক কোনো সদুত্তর দিতে পারেনি বলে পুলিশের দাবি। সবংয়ের এক বাসিন্দা বলেন, সাধারণ এক পোলট্রি ফার্মের মালিকের এত টাকার লেনদেন! আমরা ভাবতেই পারছি না। শুনেছি অ্যাকাউন্ট হ্যাকিং সহ নানা চক্রের সঙ্গে যুক্ত ওই যুবক। 
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আপাতত এই চক্রের মাস্টারমাইন্ডের খোঁজ চালাচ্ছে পুলিশ।