সংবাদদাতা, কালনা: নির্বাচনের দ্বিতীয় পর্বের আগে শেষ রবিবারে কালনা মহকুমা জুড়ে সব দলই জোরদার প্রচার চালাল। কেউ প্রচারে বেরিয়ে চাষিদের সঙ্গে ধান ঝাড়াই করলেন, তো কেউ রোড শো ও হাটে-বাজারে, গ্রামে টোটো চালিয়ে প্রচার করলেন। কেউ আবার বিভিন্ন এলাকায় দিনভর ছোটো সভা করে প্রচার সারেন।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সকালে কালনা-১ ব্লকের মেদগাছি-মুরাগাছা এলাকায় হেঁটে ভোট প্রচার করেন। প্রচারের সময় কয়েকজন শ্রমিক ধান ঝাড়াইয়ের কাজ করছেন দেখে তিনিও তাঁদের কাছে পৌঁছে যান। প্রচারের পাশাপাশি নিজেও ধান ঝাড়াইয়ে হাত লাগান তৃণমূল প্রার্থী। তাঁদের পরিশ্রমের মর্যাদা আজ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে নানা প্রকল্পগুলি নিজেদের প্রচারে তুলে ধরেন। এছাড়াও বেগপুর অঞ্চলে সভা করে ভোট প্রচারে অংশ নেন স্বপনবাবু। এই বিধানসভার বাম মনোনীত সিপিআই এমএল লিবারেশন প্রার্থী জিয়াদুল শেখ এদিন নওপাড়া, ধাত্রীগ্রাম, সিমলনে ভোট প্রচার করেন।
কালনা বিধানসভার সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা সকালে সিপিএম নেত্রী অঞ্জু কর সহ দলের কর্মীদের নিয়ে পাড়ায়, পাড়ায় প্রচার করেন। পাশাপাশি বিকেলে হুড খোলা টোটো করে সমর্থকদের নিয়ে কালনা শহরে র্যালি করেন।
মন্তেশ্বরে বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী টোটোয় চেপে ও পায়ে হেটে সভা করেন। এদিন তিনি মন্তেশ্বর, পাটকেলডাঙা, লোহার, ভারুচা প্রভৃতি এলাকায় প্রচার সারেন। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী অনুপম ঘোষ এদিন তাজপুর, জুগ্রাম, বেলেণ্ডা, ভেটি প্রভৃতি এলাকায় কর্মী, সমর্থকদের নিয়ে প্রচার সারেন। মন্তেশ্বরের বিজেপি প্রার্থী সৈকত পাঁজা এদিন শুশুনিয়া, বড় পলাশন, বাঘাষণ, বিজুর প্রভৃতি এলাকায় প্রচার করেন।