Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তীব্র গরমেও জোর প্রচার তৃণমূলের, মিছিল বিজেপির

গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে শেষ দিনের প্রচারে ঝাঁপিয়ে পড়ল শাসক ও বিরোধী শিবির। তীব্র গরমের মধ্যেও মঙ্গলবার প্রার্থীদের উৎসাহে ভাটা পড়েনি

তীব্র গরমেও জোর প্রচার তৃণমূলের, মিছিল বিজেপির
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল, গঙ্গারামপুর: গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে শেষ দিনের প্রচারে ঝাঁপিয়ে পড়ল শাসক ও বিরোধী শিবির। তীব্র গরমের মধ্যেও মঙ্গলবার প্রার্থীদের উৎসাহে ভাটা পড়েনি। শেষ মুহূর্ত পর্যন্ত জনসংযোগের ছবি ধরা পড়ল বিভিন্ন এলাকায়। এদিন সকাল থেকে সক্রিয় ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। হরিরামপুরের দৈনিক বাজারে পৌঁছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ী থেকে সাধারণ ভোটার- সবার সঙ্গে জনসংযোগ করেছেন। বয়স ৭৫ পেরলেও প্রচারে তাঁর উদ্যম ছিল চোখে পড়ার মতো। হরিরামপুর থেকে বুনিয়াদপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন বিদায়ী মন্ত্রী। মানুষের সাড়া পেয়ে আত্মবিশ্বাসী তিনি।

Advertisement

গত সোমবার তৃণমূল প্রার্থী গৌতম দাস গঙ্গারামপুর শহরে বিশাল মিছিল করে শক্তি প্রদর্শন করেন। তার পালটা মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় টোটো ও বাইক মিছিল করেন। সত্যেন্দ্রনাথ বলেন, প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে সীমিত কর্মী নিয়ে মিছিল করেছি। মানুষের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে।
প্রচারের শেষ দিনে গৌতম কালীতলা থেকে শুরু করে শহরের বিভিন্ন ওয়ার্ডে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করেন। অন্যদিকে, কুশমণ্ডিতে তৃণমূল প্রার্থী রেখা রায় যুবকদের সঙ্গে ক্রিকেট খেলে প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেন। পাশাপাশি সদর এলাকা ঘুরেও ভোট চান তিনি।
প্রায় এক মাস টানা প্রচারের পর এবার নজর পড়েছে ভোটের দিন সংগঠনকে সক্রিয় রাখার দিকে। প্রার্থীরা এখন ইলেকশন এজেন্ট ও কর্মীদের মাঠে নামানোর প্রস্তুতিতে জোর দিচ্ছেন। বিপ্লব বলেন, মানুষের যে সাড়া পেয়েছি, তাতে এই কেন্দ্র আমাকেই আশীর্বাদ করবে। গৌতমের দাবি, মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ