Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, রক্তাক্ত দুই থানার ওসি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, রক্তাক্ত দুই থানার ওসি
  • ১৪ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

কলকাতা, ১৪ মার্চ: তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার গিরিশ পার্ক এলাকা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। যার ফলে জানালার কাচ ভেঙে গিয়েছে। আক্রান্ত হয়েছেন মন্ত্রী স্বয়ং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়তে হয় পুলিশকেও। দুষ্কৃতীদের ছোড়া পাথরের ঘায়ে আহত হয়েছেন বৌবাজার ও বড়তলা থানার ওসি। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যান অন্য পুলিশকর্মীরা। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মোতায়েন হয়েছে র‌্যাফ।

Advertisement

গোটা ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী শশী পাঁজা। এই হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি। সাংবাদিকদের শশী বলেন, ‘বাস ভর্তি করে বহিরাগত গুন্ডাদের ব্রিগেডে নিয়ে যাচ্ছিল বিজেপি। বাসে ইট, কাচের বোতল, বোমা ইত্যাদি মজুত করা ছিল। ওরা আমার বাড়ি আক্রমণ করেছে। আমিও আক্রান্ত হয়েছি।’

তৃণমূলের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। আরও জানিয়েছেন, দুষ্কৃতী তাণ্ডবের একাধিক ভিডিয়ো ও ছবি তাঁর হাতে আছে। সেই সমস্ত প্রমাণ নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন।

যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির। গোটা ঘটনার দায় উলটে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে তারা। দুষ্কৃতীদের আক্রমণে জখম হয়েছেন বিজেপি কলকাতা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এমনই দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ