Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহানন্দা বাঁচাতে প্রতিশ্রুতি তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট প্রার্থীদের

ইংলিশবাজারের বুক চিরে বয়ে গিয়েছে মহানন্দা। মালদহ শহরের বাসিন্দাদের গভীর আবেগ এই নদীকে নিয়ে। বিধানসভা নির্বাচনের আবহে নতুন করে তার পুনরুজ্জীবনের দাবি তুলেছে নাগরিক সমাজ।

মহানন্দা বাঁচাতে প্রতিশ্রুতি তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট প্রার্থীদের
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌম্য দে সরকার, মালদহ: ইংলিশবাজারের বুক চিরে বয়ে গিয়েছে মহানন্দা। মালদহ শহরের বাসিন্দাদের গভীর আবেগ এই নদীকে নিয়ে। বিধানসভা নির্বাচনের আবহে নতুন করে তার পুনরুজ্জীবনের দাবি তুলেছে নাগরিক সমাজ। এই সংবেদনশীলতাকে গুরুত্ব দিচ্ছে ইংলিশবাজারের বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীরা। 

Advertisement

ইংলিশবাজার শহরের পরিচিত চিকিৎসক এবং সমাজকর্মী ডা: গৌতম সরকার জানান, সম্প্রতি মহানন্দা কেন্দ্রিক একটি বই প্রকাশের অনুষ্ঠানে এই নদীকে তার আগের রূপে ফেরাতে বিভিন্ন মতামত উঠে এসেছিল। শহরের এবং মালদহ জেলার সর্বস্তরের  সংবেদনশীল  নাগরিকরা এই নদীর ড্রেজিং করে বাঁচানোর আওয়াজ তুলেছিলেন। মহানন্দার পুনরুজ্জীবন ঘটলে এই নদী জেলার অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। মহানন্দা এক সময় জলপথ হিসাবে ব্যবহৃত হত। সেই দিনও ফিরিয়ে আনা সম্ভব। সর্বোপরি মহানন্দার পুনরুজ্জীবন বাস্তুতন্ত্রকেও অক্সিজেন জোগাবে। রাজনৈতিক দল এবং প্রার্থীদের উচিত তাঁদের প্রচার ও ইস্তাহারে মহানন্দা নিয়ে অবস্থান স্পষ্ট করা।
একই সুরে কথা বলেছেন অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক বিশ্বজিৎ ঘোষ, নিরলস পরিবেশ কর্মী রূপক দেবশর্মা প্রমুখ। তাঁরা বলেন, মহানন্দা দীর্ঘদিন উপেক্ষিত। ইংলিশবাজারের মানুষ বারবার এর স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সওয়াল করেছেন। কিন্তু সেই আবেদন যে সফল হয়নি, তা এই নদীর কার্যত একটি বড় নালাতে পরিণত হওয়াতেই বোঝা যায়। মালদহ শহরের বর্জ্য, নোংরা জল ফেলা হচ্ছে মহানন্দায়। এই নদীতে মাছেরাও বাঁচতে পারে না এখন। রাজনৈতিক দলের প্রার্থীদের পরিষ্কার জানাতে হবে মহানন্দাকে আগের চেহারায় ফিরিয়ে আনতে তাঁদের অবস্থান কী?
নাগরিক সমাজের এই আবেদনের গুরুত্ব বুঝছেন রাজনৈতিক দলের প্রার্থীরাও। ইংলিশবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বলেন, মহানন্দা মালদহ শহরের আবেগ। এর জন্য ড্রেজিং করা দরকার। কেন্দ্রের বিজেপি সরকার মহানন্দাকে চরম অবহেলা করেছে। ড্রেজিং করার ক্ষেত্রে কেন্দ্রের কোনো সাহায্য মেলেনা। ইংলিশবাজার ও রাজ্যে তৃণমূল জিতলে মহানন্দাকে নালা থেকে নদী করে তুলতে সওয়াল করব।
এই কেন্দ্রের সিপিএম প্রার্থী অম্বর মিত্রের অভিযোগ, মহানন্দাকে তিলেতিলে নদী থেকে নালা করেছে তৃণমূল পরিচালিত ইংলিশবাজার পুরসভা এবং একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। আমরা মহানন্দা নদীর পুনরুজ্জীবনের কথা ইস্তাহারেও উল্লেখ করেছি। মহানন্দা শুধু রাজনৈতিক বিষয় নয়, আবেগ এবং পরিবেশ রক্ষার বিষয়ও।
ইংলিশবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি দুষেছেন ইংলিশবাজার পুরসভা ও রাজ্য সরকারকে। তিনি বলেন, নদীকে কীভাবে পরিচ্ছন্ন করে নতুন প্রাণের সঞ্চার করতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পই তার উদাহরণ। বিজেপি ক্ষমতায় এলে দরকারে মহানন্দা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আগের রূপ ফিরিয়ে দেওয়া হবে কেন্দ্রের সাহায্য নিয়ে।  
প্রতিশ্রুতি যাই হোক ইংলিশবাজার চাইছে যিনিই জিতুন, নতুন করে স্বচ্ছতোয়া হয়ে উঠুক মহানন্দা। শক্তিশালী হোক মহানন্দা কেন্দ্রিক বাস্তুতন্ত্র। উৎপন্ন হোক প্রচুর মাছ। চলুক জলযানও। মহানন্দাকে ঘিরে অসংখ্য নাগরিকের আবেগকে মর্যাদা দিক রাজনৈতিক দলগুলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ