নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হিমাচলের কিন্নর কৈলাশে তীর্থ করতে গিয়ে মারা গেলেন হুগলির ত্রিবেণীর এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় টোটো চালক ওই যুবকের নাম রাজীব কুণ্ডু (৩৮)। বাঁশবেড়িয়ার ত্রিবেণী বেণীমাধবতলার বাসিন্দা কয়েকজন সঙ্গীকে নিয়ে গত ১ আগস্ট কিন্নর কৈলাশে গিয়েছিলেন। তাঁর সঙ্গীদের মাধ্যমে জানা গিয়েছে, খারাপ আবহাওয়া ও দুর্গম পথের ক্লান্তিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুর্গম পথের একটি ক্যাম্পে তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার ব্যবস্থাও করা হয় কিন্তু ওই যুবককে বাঁচানো যায়নি। এদিকে, মৃত যুবকের দেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হিমাচল প্রশাসন। কিন্তু গরীব পরিবারের ওই পুণ্যার্থীর মৃতদেহ কেমন করে বাড়িতে ফিরিয়ে আনা হবে তা নিয়ে বিপাকে পড়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। রাজীবের আয়ের উপরেই সংসার নির্ভরশীল ছিল।



