নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে ৯ জেএমবি জঙ্গির বিরুদ্ধে শুরু হল বিচার প্রক্রিয়া। কলকাতার বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে শুরু হয় ওই শুনানি পর্ব। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি বুধবার জানান, আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওইদিন আদালতে এক পুলিশ অফিসারের সাক্ষ্য দেওয়ার কথা। যিনি ধৃত এক জঙ্গির উপস্থিতিতে কিছু দ্রব্য বাজেয়াপ্ত করেছিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে কলকাতা পুলিশের এসটিএফের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে। তাদেরকে জেরা করে পুলিশ পরে আরও ১২ জনকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে পাকড়াও করে। সব মিলিয়ে ২১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে চার্জশিট পেশ করা হয়। মামলার শুনানি চলাকালে বিভিন্ন সময় ১২ জন জঙ্গি আদালতে দোষ স্বীকার করে সাজাপ্রাপ্ত হয়। ফলে কেবলমাত্র ন-জনের বিরুদ্ধে চলে এই মামলার শুনানি। নানা আইনি গেরোর জটে বারবার শুনানি থমকে যায়। অবশেষে শুরু হল এই মামলার শুনানি। যদিও ধৃতদের তরফে এক আইনজীবী ফজলে আহমেদ খান এদিন বলেন, ‘পুলিশ আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে সমস্ত কড়া অভিযোগ এনেছে, তা ভিত্তিহীন।’ যদিও সরকারি আইনজীবী তার জোরালো আপত্তি জানান।



