Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মোবাইলে পিএফের টাকার তোলার পরীক্ষা সফল, চালু হবে শীঘ্রই

মোবাইলে ইউপিআইয়ের মাধ্যমে ইপিএফ টাকা তোলার পরীক্ষা সফল হয়েছে। শীঘ্রই চালু হবে নতুন পরিষেবা। বিস্তারিত পড়ুন।

মোবাইলে পিএফের টাকার তোলার পরীক্ষা সফল, চালু হবে শীঘ্রই
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোবাইলে ইউপিআই ব্যবস্থার মাধ্যমেই তোলা যাবে ইপিএফের টাকা। ইউপিআইয়ের মাধ্যমে ইপিএফের টাকা তোলার পরীক্ষামূলক প্রক্রিয়া চালাচ্ছিল মোদি সরকার। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ সফল হয়েছে। এবার শীঘ্রই চালু করে দেওয়া হবে ইপিএফও ৩.০ পরিষেবা। সম্ভবত চলতি মাসেই ইউপিআই ব্যবস্থা এবং ব্যাঙ্কের এটিএম কার্ডের মাধ্যমে ইপিএফের টাকা তোলার প্রক্রিয়া চালু হতে চলেছে। এর ফলে সারা দেশের প্রায় সাড়ে সাত কোটি পিএফের গ্রাহক অত্যন্ত উপকৃত হবেন। 

Advertisement

ইপিএফও ৩.০ পরিষেবায় সাত বছরের পরিবর্তে একটানা ১২ মাস, অর্থাৎ এক বছর কাজ করলেই টাকা তোলার এহেন সুবিধা মিলবে। এক্ষেত্রে একবারে ইপিএফ অ্যাকাউন্টে মোট সঞ্চিত অর্থের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ টাকা শর্তসাপেক্ষে তুলে নিতে পারা যাবে। এই মুহূর্তে সারা দেশে ইপিএফ গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি। ইউপিআই বা ব্যাঙ্কের এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার প্রক্রিয়া পাকাপাকিভাবে শুরু হলে সারা দেশের কোটি কোটি ইপিএফ গ্রাহক উপকৃত হবেন। এমনই মনে করছে মোদি সরকার। প্রসঙ্গত, দেশের বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীরাই ইপিএফের মতো সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় থাকেন। বর্তমানে ইপিএফের টাকা তোলার প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল। আবেদনের পর অপেক্ষার পালাও দীর্ঘ। ইউপিআই এবং এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলা শুরু হলে এসংক্রান্ত জটিলতাও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে একজন গ্রাহকের ইপিএফ অ্যাকাউন্ট যে ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত রয়েছে, শুধুমাত্র সেই ব্যাঙ্কের এটিএম কার্ডই ব্যবহার করে টাকা তোলা সম্ভব হবে। এমনকি ইউপিআইয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) একইসঙ্গে শর্ত দিয়েছে, কমপক্ষে ২৫ শতাংশ টাকা গ্রাহককে তাঁর অ্যাকাউন্টে রেখে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ টাকা শর্তসাপেক্ষে তোলা যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ