লগ্নি টানতে ঘড়ি ধরে পরিষেবা দেবে প্রশাসন, দাবি শিল্পসচিবের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্প স্থাপন থেকে শুরু করে সরকারি সুবিধা পাওয়া পর্যন্ত সব কিছুতেই এবার ঘড়ি ধরে কাজ হবে। আর দেরি মানেই আর্থিক ক্ষতি, এই কথাটা মাথায় রেখেই নতুন বিনিয়োগ নীতিতে প্রতিটি সুবিধা ও ছাড়পত্রের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের শিল্পসচিব বন্দনা যাদব। লঘু উদ্যোগ ভারতীর এক সভায় তিনি নতুন বিনিয়োগ নীতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, শুধু কী সুবিধা দেওয়া হবে, সেটাই বড় কথা নয়, কত দিনে দেওয়া হবে, সেটাই আসল। কারণ যে কোনো শিল্প স্থাপনে দেরি হলে, প্রতিদিন তার জন্য আর্থিক খেসারত দিতে হয় সংশ্লিষ্ট সংস্থাকে। 

Advertisement

বন্দনা যাদব বলেন, এই পলিসি আদতে  বিনিয়োগ নীতি। কারণ শুধু কারখানা নয়, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, হোটেল, আইটি, আর্থিক পরিষেবার মতো কর্মসংস্থানমুখী সব ক্ষেত্রকেই এর আওতায় আনা হয়েছে। গোটা নীতির মূল লক্ষ্য কর্মসংস্থান। সরকার কাউকে সাহায্য করলে তার কারণ শিল্পপতিকে সাহায্য করা নয়, মানুষের চাকরি তৈরি করা। সেই সঙ্গে বড় শিল্প আর ছোট শিল্প, নতুন সেক্টর আর ১০০ বছরের পুরনো লোহা-ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, বস্ত্রশিল্পের মতো সব সেক্টরেই ভরসাম্য রাখা হয়েছে। অন্যদিকে কলকাতা আর ঝাড়গ্রাম-পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া এলাকা, এসব কিছুর মধ্যেও সামঞ্জস্য রাখা হয়েছে।
সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গে শিল্প সচিব বলেন, আবেদন হবে পুরোপুরি অনলাইন। কাউকে দেখা করতে হবে না। ডব্লিউবিআইডিসি-তে সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। আবেদন করার ৩০ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অব ইনটেন্ট দেওয়া হবে। তাতে জানানো হবে, আবেদনকারীর ইউনিটটি ‘থ্রাস্ট সেক্টর’ বা অগ্রাধিকার এলাকায় পড়ছে কি না। তারপর 
কাজ শুরু করতে হবে। উৎপাদন শুরু হলে জানাতে হবে। তার ৪৫ 
দিনের মধ্যে সার্টিফিকেট অব এলিজিবিলিটি দেওয়া হবে। তিনি বলেন, আগে এই হিসাব করতে গিয়ে বারবার পরিদর্শন হত। এবার সেই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে।