সংবাদদাতা, তারকেশ্বর: রবিবার তারকেশ্বর মন্দির সংলগ্ন পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের ট্রান্সফর্মারের কাটআউট বক্সে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন আগুন লাগলে স্থানীয়রাই প্রথমে জল দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চলে আসে দমকলের একটি ইঞ্জিন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনকে।
এখন তারকেশ্বরে শ্রাবণী মেলা চলছে। এই মেলায় অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে বিদ্যুৎ দপ্তর দফায় দফায় কাজ করায় এমনিতেই পাওয়ার কাট করতে হয়েছে তাদের। ফলে নাজেহাল হতে হয়েছে এলাকার মানুষকে। মেলা শুরুর আগে নিয়ম করে প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হতো। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এত কাজের পরেও খালপাড় এলাকায় ট্রান্সফর্মারের কাটআউট বক্সে আগুন লাগে কী করে? গত চৈত্র মাসেও গাজন মেলার সময় থানা রোডে ইলেকট্রিক বক্সে আগুন লেগেছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিদ্যুৎ দপ্তর সারা বছর রক্ষণাবেক্ষণের কাজ করে না। কোথাও গলদ ধরা পড়লে জোড়াতাপ্পি দিয়ে তখনকার মতো কাজ চালানো হয়। প্রায়ই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তিন-চার ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ রেখে মেরামতির কী প্রয়োজন? রবিবারের এই ঘটনা বিদ্যুৎ দপ্তরের দুর্বলতাকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এল। -নিজস্ব চিত্র