দুর্যোগের জেরে ট্রেন বাতিল, পশ্চিম মেদিনীপুরে আজ কমলা সতর্কতা, জরুরি বৈঠকে জেলা প্রশাসন
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর ও বেলদা: ঘূর্ণিঝড় ‘আকভানে’র ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার দুপুর থেকেই জেলাজুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্তে ঝড়ও হয়। অকাল এই বৃষ্টিতে চাষিদের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। ডেবরা, সবং, পিংলা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ির চাষিরা জানাচ্ছেন, ধান তোলার মরশুমে এই দুর্যোগ আসলে পাকা ধানে মই দেওয়ার মতোই ঘটনা! আকভানের প্রভাবে এদিন দুপুর নাগাদ বেলদার অর্জুনিতে বিশাল একটি নিমগাছ ভেঙে পড়ে। এর ফলে সাময়িক সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বেলদা-কাঁথি রাজ্য সড়ক। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। আজ, শুক্রবার জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। খড়্গপুর ডিভিশনের তরফে বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

এদিন বিকালে বিভিন্ন ব্লকের বিডিও ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক মানছেন, এই বৃষ্টিতে পাকা ধান ও সবজির ক্ষতি হবে। তবে, শস্যবিমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। জেলাশাসক বলেন, জেলার সর্বত্র নজরদারি শুরু করা হয়েছে। পুলিশ, প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 
সবং, পিংলা, নারায়ণগড়ের চাষিরা বলেন, চলতি বছরে বন্যায় বোরো ধান, মাদুর ও ফুল চাষের ক্ষতি হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই প্রথমে অর্ণব, আর তারপরই এই আকভান ঘূর্ণিঝড়। ক্ষতির যেন শেষ নেই! এদিন সন্ধ্যায় ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ি ও সবংয়ের বিডিও রোমান মণ্ডল বলেন, এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
দুর্যোগের প্রভাব পড়েছে রেল চলাচলেও। ঘূর্ণিঝড় আকভানের জেরে দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে ১২৮৮১ শালিমার-পুরী, ১৮০১৭ ভিজিয়ানগরম-পুরী, ১৮০১৮ পুরী-ভিজিয়ানগরম, ১৮৪০১ ও ১৮৪০২ পুরী-বড়বিল এবং ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি টাটা-বদামপাহাড়, বালেশ্বর-গোপীনাথপুর-সহ একাধিক মেমু ট্রেনও বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করা হয়েছে। খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার বলেন, যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও চলাচল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।