Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে সহজ সরল পোর্টালের কাজকর্মের প্রশিক্ষণ শুরু

পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে সহজ সরল পোর্টালের কাজকর্মের প্রশিক্ষণ শুরু
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পঞ্চায়েতের কাজে অনিয়মের অভিযোগের অন্ত নেই। বদনাম ঘোচাতে এবং কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য চালু করেছে সহজ সরল পোর্টাল। আর্থিক হিসেবনিকেশের কাজে গতি আনতে এপ্রিলের শেষেই চালু হবে সেই পরিষেবা। এতদিন যে সমস্ত পোর্টালে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আর্থিক হিসেব তুলে ধরা হত, সহজ সরল তার থেকে অনেক বেশি আধুনিক। মালদহের পঞ্চায়েত কর্মীদের নতুন পোর্টাল সম্পর্কে ধারণা দিতে বেশকয়েকটি ধাপে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির।   

Advertisement

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, এতদিন পঞ্চায়েতি ব্যবস্থার আর্থিক হিসেব দুটি আলাদা আলাদা পোর্টালে তুলে ধরা হতো। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের সব আর্থিক হিসেব তুলে ধরার জন্য ছিল জিপিএমএস (গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম) পোর্টাল। একই সঙ্গে সহজ সরল নামে আরেকটি পোর্টালে পঞ্চায়েতি ব্যবস্থার বাকি দুই স্তর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত পেমেন্ট আপলোড করা হতো। এখন থেকে ‘সহজ সরল’ নামের একটি পোর্টালেই গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরের যাবতীয় আর্থিক হিসেব আপলোড করা হবে।
সহজ সরল পোর্টাল চালু হলে কী সুবিধা হবে? পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, সহজ সরল হল একটি অ্যাকাউন্টস বেসড পোর্টাল। যেখানে পঞ্চায়েতের তিনটি স্তরের সমস্ত আর্থিক হিসেব আপলোড করা হবে। জিপিএমএস বা গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এর থেকে সহজ সরল পোর্টাল অনেক বেশি আধুনিক। 
সহজ সরল পোর্টাল চালু হওয়ার ফলে পঞ্চায়েতের কাজে এখন থেকে একটা ইউনিফর্ম অ্যাকাউন্ট সিস্টেম চালু হতে চলেছে। এর ফলে অডিটের সময় খুব সুবিধা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 
মালদহ জেলায় ১ এপ্রিল থেকে সহজ সরল পোর্টাল লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই নতুন পোর্টাল সম্পর্কে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই জেলার প্রায় দেড়শোটি গ্রাম পঞ্চায়েত ও ১৫টি পঞ্চায়েত সমিতির কর্মীদের প্রশিক্ষণ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দুটি ভাগে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেবে প্রশাসন। মালদহ সদর মহকুমার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্মীদের ২১ এপ্রিল প্রশিক্ষণ দেওয়া হয়। চাঁচল মহকুমার অন্তর্গত পঞ্চায়েতের তিনটি স্তরের কর্মীদের চাঁচল মহকুমা শাসকের কার্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 
চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পূর্ণভাবে সহজ সরল পোর্টালটি চালু করা হবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ