সংবাদদাতা, উলুবেড়িয়া: বিভিন্ন কারণে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঋণ পাওয়ার পর যথাযথভাবে টাকা খরচ করতে পারছেন না বা সঠিকভাবে ব্যবসা করতে পারছেন না। এই মহিলাদের প্রশিক্ষণ দেওয়া এবং কাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে পঞ্চায়েত। উদয়নারায়ণপুরের সিংটি গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, জেলা পরিষদের সহায়তায় ১০টি দল তৈরি করে ঠোঙা বানানো, ধূপ বা রাখি তৈরি, সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য, তা শেখার পর সক্ষমভাবে যাতে কাজ করতে পারেন মহিলারা। পঞ্চায়েতের এই উদ্যোগকে স্বাগত জানান উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির কর্তারা। সিংটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী পণ্ডিত এবং উপপ্রধান বলাই গঙ্গোপাধ্যায় জানান, এবার পঞ্চায়েতের থিম দারিদ্র দূরীকরণ। সে কারণেই এই উদ্যোগ। আনন্দধারা প্রকল্পে মহিলাদের হাতের কাজ শেখানোর ব্যবস্থা আছে। তবে বয়সের কারণে প্রশিক্ষণ নেওয়ার পর অনেকে ঠিকঠাক কাজ করতে পারেন না। সে কারণে এই প্রকল্পে সঙ্গে যুক্ত থাকা গ্রুপগুলির সঙ্গে কথা বলে কম কুশলী মহিলাদের খুঁজে বের করা হয়েছে। তারপর প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষকরা এসে ২১ দিন ধরে কাজ শিখিয়েছেন। প্রধান ও উপপ্রধান জানান, আগামী দিনে আরও প্রশিক্ষণের ব্যবস্থা হবে।



