Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু, খুশি রেলযাত্রীরা

পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন দিয়ে  ট্রেন চলাচল শুরু, খুশি রেলযাত্রীরা
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হল। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া কোটশিলা রুটে ডবল লাইন তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। তা পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে রেলযাত্রীরা। প্রসঙ্গত, রেল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ডবল লাইনের কাজ চলছিল। পুরুলিয়া শহরের একটি বেসরকারি অনুষ্ঠানে এসে সম্প্রতি আদ্রার ডিআরএম ঘোষণা করেছিলেন, চলতি আর্থিক বছরের মধ্যেই ডবল লাইনের কাজ শেষ হবে। মার্চ মাস শেষ হওয়ার আগেই ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হল। 

Advertisement

এবিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কাছে এই প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ডবল লাইন করার দাবি দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দা থেকে রেলযাত্রীরা দীর্ঘদিন ধরেই ওই দাবি জানিয়ে আসছিলেন। ওই প্রকল্পের অর্থ বরাদ্দের পরই দ্রুত কাজ হয়। রেল কর্মচারীরাও এবিষয়ে দিনরাত পরিশ্রম করেছেন। ডিআরএম আরও বলেন, ইতিমধ্যে কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শন ভালোভাবে সম্পন্ন হয়েছে। ওই পরিদর্শনের পরই জানিয়ে দেওয়া হয়েছে নতুন ওই রেললাইন দিয়ে ট্রেন যাতায়াতে কোনও সমস্যা নেই। রেলওয়ে সেফটির পরিদর্শনের পরই পুরুলিয়া কোটশিলা ডবল লাইন দিয়েই ট্রেন যাতায়াত শুরু হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন ওই নতুন লাইন দিয়েই চালানো হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 
এবিষয়ে জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত বলেন, পুরুলিয়া কোটশিলা ডবল লাইনের সূচনা পুরুলিয়াবাসীর জন্য কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের বড় উপহার। পুরুলিয়া কোটশিলা সিঙ্গল লাইন থাকায় বহু মানুষ সমস্যায় পড়তেন। ট্রেন চলাচলেও দেরি হতো। এবার থেকে ওই সমস্যা আর থাকল না। দ্রুত সাধারণ মানুষের দাবি মেনে ডবল লাইনের কাজ শেষ করার জন্য এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে রেল মন্ত্রকের পাশাপাশি পুরুলিয়া সাংসদকেও ধন্যবাদ জানাব। কারণ সাংসদ নিজেও এবিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সোমেন বেলথরিয়া বলেন, আরও আগেই ওই রেল লাইন চালু করা উচিত ছিল। তবে ডবল লাইন চালু করলেই হবে না বা ওই লাইন দিয়ে শুধু মালগাড়ি চালিয়ে যাত্রীবাহী ট্রেনগুলিকে দীর্ঘক্ষণ আটকে রাখলে হবে না। যাত্রীবাহী ট্রেনের চলাচল সঠিক সময়ে করার বিষয়েও রেলকে গুরুত্ব দিতে হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ