সংবাদদাতা, উলুবেড়িয়া: ডাউন লাইনের সমস্যার কারণে বুধবার সকালে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনে। ফলে দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডাউন লাইনে মেরামতের কারণে কিছুক্ষণের জন্য ওই লাইন ব্লক নেওয়া হয়েছিল। যে কারণে হাওড়া-খড়্গপুর ডিভিশনে লোকাল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
তবে এই সমস্যা একদিনের নয়। এই শাখায় নিত্যদিনই ট্রেন দেরিতে চলে বলে অভিযোগ যাত্রীদের। কখনও কখনও এতটাই দেরিতে চলে যে, অফিস যাত্রীরা কাজের জায়গায় পৌঁছাতে হিমশিম খেয়ে যান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সকাল ১০টা নাগাদ বীরশিবপুর ও কুলগাছিয়া স্টেশনের মাঝে খাঁ পাড়ার কাছে ডাউন লাইনে কাজ চলায় ওই পথে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। এর জেরে বিভিন্ন স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সেই সময় মেন লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ। লাইন মেরামত হয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, মেরামতির কাজের জন্য প্রায় ৩০ মিনিট ডাউন লাইন বন্ধ রাখতে হয়েছিল। তবে ওই সময় মেন লাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।



