Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়রামবাটিতে এল ট্রেন, উপচে পড়ল ভিড়

জয়রামবাটিতে এল ট্রেন, উপচে পড়ল ভিড়
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: মাতৃধাম জয়রামবাটির নতুন স্টেশনে প্রথম আসা ট্রেন দেখতে বৃহস্পতিবার হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। এদিন দুপুর তিনটে ১৩ মিনিট নাগাদ নতুন লাইন ধরে জয়রামবাটি স্টেশনে ট্রেন আসতেই সাধারণ মানুষের মনে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। সেই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে যাতে দ্রুত ভাবাদিঘি সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর ও তারকেশ্বরে রেল সংযোগ ঘটানো যায়, সে ব্যাপারে রেল ও সরকারের কাছে আহ্বান জানান। একসময় মা সারদা দেবীকে কলকাতায় যাওয়ার জন্য জয়রামবাটি থেকে গোরুর গাড়িতে করে ৪০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে গিয়ে ট্রেন ধরতে হতো। এত বছর বাদে সেই মাতৃধামে প্রথম ট্রেন আসায় মঠের মহারাজরাও ভীষণ খুশি হয়েছেন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতৃমন্দিরের আদলে জয়রামবাটি রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে।  এদিন সকাল থেকে জয়রামবাটি স্টেশনে সাজো সাজো রব ওঠে। হাজার হাজার পুরুষ ও মহিলা স্টেশনে অপেক্ষা করেন। দুপুরে রেলের আধিকারিকরা দফায় দফায় লাইন পরীক্ষা করেন। তার কিছু পরেই একটি ট্রেন হর্ন বাজিয়ে আসতেই স্টেশনে উপস্থিত সকলে উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকেই প্রথম ট্রেন ঢোকার দৃশ্য মোবাইল ক্যামেরায় ধরে রাখেন। এদিন স্টেশন চত্বরে একটি মঞ্চ তৈরি করা হয়। সেখানে রেলের আধিকারিকদেরকে সংবর্ধনা দেওয়া হয়। মাতৃমন্দিরের কয়েকজন মহারাজও সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা মা সারদার গোরুর গাড়িতে করে বিষ্ণুপুরে গিয়ে রেলযাত্রার প্রসঙ্গ তুলে মাতৃধামে রেল সংযোগের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।  রেলের আধিকারিকরা বলেন, বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত একটি ট্রেন প্রতিদিন চলাচল করে। ইতিমধ্যে বড়ো গোপীনাথপুর পর্যন্ত ট্রায়াল রান হয়ে গিয়েছে। এদিন জয়রামবাটি পর্যন্ত ট্রায়াল হয়েছে। আগামী দিনে ওই লাইনে যাত্রীবাহী ট্রেন চালু করা হবে।  
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের সম্প্রসারণের কাজ থমকে ছিল। আমি লোকসভায় এবং রেলমন্ত্রীর কাছে এনিয়ে বার বার তদ্বির করেছি। অবশেষে এলাকার মানুষের বহু বছরের আশা পূর্ণ হল। যত শীঘ্র সম্ভব বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য রেল মন্ত্রকের কাছে ফের তদ্বির করব। 
তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল প্রকল্পের রূপকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই রেলমন্ত্রী থাকাকালীন প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এতে বিজেপি অথবা বিষ্ণুপুরের সাংসদের কোনও ভূমিকা নেই।         
স্থানীয় বাসিন্দা বাসুদেব মুখোপাধ্যায় বলেন, আমাদের এলাকার উপর দিয়ে ট্রেন চলবে। এটা অনেক বছর ধরে শুনে আসছি। বছরের পর বছর অপেক্ষায় ছিলাম। এদিন আমাদের এলাকার স্টেশনে প্রথম একটি ট্রেন আসায় আমরা ভীষণ খুশি। তবে আমাদের আবেদন সাধারণ মানুষের স্বার্থে ভাবাদিঘির সমস্যা মিটিয়ে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল দ্রুত শুরু করা হোক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ