নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপনার ফোনে অত্যন্ত ধীরগতিতে চলছে নেট। অথচ মোবাইল কোম্পানি বলছে, সব ঠিক আছে! এই সমস্যা থেকে মুক্তি পেতে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) চালু করল নেটওয়ার্ক ‘অনুভব’ প্ল্যাটফর্ম। এটি আদতে একটি ম্যাপ ও ড্যাশবোর্ড, যেখানে গ্রাহক নিজের এলাকায় কোন কোম্পানির নেট কেমন চলছে, তা নিজেই দেখে নিতে পারবেন। এই সংক্রান্ত তথ্য আসবে দুটি জায়গা থেকে। একদিকে সাধারণ গ্রাহকরা ট্রাই-এর ‘মাই স্পিড’ আর ‘মাই কল’ অ্যাপের মাধ্যমে যে তথ্য জানাবেন, সেই তথ্য প্রতিফলিত হবে। অন্যদিকে, ট্রাই নিজের উদ্যোগে যে ড্রাইভ টেস্ট করেছে, তার ফলাফলও দেখানো হবে সংশ্লিষ্ট অ্যাপে। অর্থাৎ শুধু মোবাইল সংস্থার দাবি নয়, গ্রাহকদের আসল অভিজ্ঞতাই এখানে ম্যাপের উপর দেখা যাবে। গ্রাহক চাইলে মোবাইল না ব্রডব্যান্ড, কোন কোম্পানি, কোন প্রযুক্তি, এসবও আলাদা করে দেখতে পারবেন (ডাউনলোড ও আপলোড স্পিডসহ)। ম্যাপ জুম করে দেখা যাবে, গ্রাহকের পাড়ায় বা এলাকায় কটি ড্রাইভ টেস্ট হয়েছে, কোথায় স্পিড ভালো, কোথায় খারাপ। সঙ্গে থাকবে ফিল্টার, টেবিল আর ডাউনলোড করা যায় এমন রিপোর্ট, যা সাধারণ মানুষও সহজে বুঝতে পারবে। তবে ট্রাই অবশ্য নিজেই জানাচ্ছে, এই রিপোর্ট গ্রাহকদের তথ্যের উপর ভিত্তি করেই তৈরি। সঙ্গে যোগ হবে ট্রাইয়ের নির্দিষ্ট ড্রাইভ টেস্টের রিপোর্ট, যা ট্রাই কয়েক মাস অন্তর নির্দিষ্ট কিছু জায়গায় করে। তাই যে তথ্য গ্রাহক পাবেন, তা দিয়ে পুরো নেটওয়ার্কের চূড়ান্ত বিচার করা যাবে না। এটি থেকে ডেটা পরিষেবা সম্পর্কে একটি ধারণা করা যেতে পারে মাত্র। তবে নতুন সিম নেওয়ার আগে, ব্রডব্যান্ড বদলানোর আগে বা বাড়ি বদলানোর আগে গ্রাহক দেখে নিতে পারবেন, সংশ্লিষ্ট এলাকায় কোন কোম্পানির কানেকশন কেমন পরিষেবা দিচ্ছে। শুধু নেটের স্পিডই নয়, এই পোর্টাল থেকে গ্রাহক স্প্যাম রিপোর্ট করতে পারবেন এবং ‘ডিএনডি’-র পরিষেবাও পাবেন। অর্থাৎ বিরক্তিকর কমার্শিয়াল মেসেজ বা কল বন্ধ করার জন্য পছন্দ জানানো, অভিযোগ করা, অভিযোগের স্ট্যাটাস দেখা আর কোন কোম্পানির বিরুদ্ধে কত অভিযোগ জমেছে, সেটাও দেখা যাবে। মোবাইল সংস্থাগুলিও এই তথ্য দেখতে পাবে। তাই তারাও বুঝতে পারবে, কোথায় টাওয়ারে সমস্যা, কোথায় কল কাটছে, কোথায় নেট দুর্বল। সেই মতো সংশোধন করার সুযোগ মিলবে তাদের।



