Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁকিনাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু তৃণমূল কর্মীর

শুক্রবার গভীর রাতে কাঁকিনাড়া স্টেশন রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর

কাঁকিনাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু তৃণমূল কর্মীর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার গভীর রাতে কাঁকিনাড়া স্টেশন রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। তাঁর সঙ্গে আর একজন ছিলেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম শ্রবণ সাউ (৪১)। তিনি ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের নয়ানগর এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রবণ ও অমিত দু’জনে বাইকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিক থেকে কাঁকিনাড়া স্টেশন রোড ধরে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা লাইটপোস্টে ধাক্কা মারে। স্থানীয়দের বক্তব্য, একাধিকবার পুলিশকে ফোন করতে হয়। তারপর অনেক দেরিতে পুলিশ আসে। ততক্ষণ আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন দু’জন। পুলিশ দেরিতে পৌঁছনোর অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শ্রবণকে মৃত বলে ঘোষণা করেন। অমিতের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে তাঁর পরিবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। শ্রবণ ভাটপাড়ার তৃণমূল নেতা অমিত গুপ্তার ঘনিষ্ঠ। অমিত গুপ্তা বলেন, ‘পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেয়। তার ফলে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লাইটপোস্টে ধাক্কা মারে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। সেই রিপোর্টে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’ এই ঘটনায় মৃতের পরিবার ও তৃণমূল কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ