নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করেছেন। মাঝে কিছুটা সময় তাঁকে দেখা না গেলেও, পরিকল্পনা ছিল দ্রুত কাজে ফেরার। জানিয়েছিলেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু রূপেশ সোনারকে। তবে এর মধ্যেই দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা অনুজ ঠাকুর। তাঁর মৃত্যুতে ফের একবার টেলিভিশন জগতে শোকের ছায়া।
অভিনেতা গত ২৭ অক্টোবর প্রয়াত হলেও, জানাজানি হয়নি সেই খবর। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা সহকর্মী রূপেশ সোনার জানান, মৃত্যুর ১০ দিন আগেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল সোনারের। সুস্থও ছিলেন সেই সময়। এছাড়াও তিনি জানান, প্রতিদিন ভোরে উঠতেন তিনি। শরীরচর্চাও করতেন।
২৭ অক্টোবর, ঘুমের মধ্য়েই খিঁচুনি হয় অভিনেতার। এরপরেই মৃত্য়ু হয় অনুজের। এদিন তাঁর মা প্রথমে সকালে ছেলেকে ডাকতে গিয়ে বুঝতে পারেন, ছেলে আর নেই। তাঁর মৃত্য়ুর খবর ছড়াতেই শোকস্তব্ধ তাঁর সহকর্মী ও অনুরাগীরা।
অনুজ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। তার মধ্যে জনপ্রিয়, ‘ধুম মচাও ধুম’। এছাড়াও তিনি কাজ করেছেন, ‘বন্ধন সাত জন্মনো কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’-এর মতো ধারাবাহিকেও। সাগর মেহতার চরিত্রে তিনি জনপ্রিয়তা পান ‘মহিসাগর’ ধারাবাহিকে কাজ করার পরে।
২০০৮ সালে ‘বন্ধন সাত জন্ম কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন রূপেশ ও অনুজ। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। সমাজমাধ্যমে রূপেশ লেখেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে, অনুজ আর আমাদের মধ্যে নেই। সে শুধু আমার বন্ধু ছিলো না, আমার ছোটভাইয়ের মতো ছিলে। একসঙ্গে কত কাজের পরিকল্পনা ছিল আমাদের! জীবন সত্যিই অনিশ্চিত। এত তাড়াতাড়ি চলে গেলে, এটা মেনে নেওয়া ভীষণ কঠিন। তোমাকে সব সময় মনে রাখব। শান্তিতে থেকো।’



