পাটনা, ২ নভেম্বর: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বিহারের মুজফফরপুরের গোবরসাহী-ডুমরী। আজ, সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এদিন জেসিবি দিয়ে নর্দমা সংষ্কারের কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই কোনো কারণে মাটির তলায় থাকা পিএনজি গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়। আহত হন ৬ জন।
জানা গিয়েছে, আজ সকাল থেকে গোবরসাহী-ডুমরী এলাকায় একটি নর্দমা সংষ্কারের কাজ চলছিল। সেই সময় কোনো কারণে সেখানে থাকা পিএনজি গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, প্রায় ৩ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। ভর্তি করা হয় হাসপাতালে। অকুস্থলে আসে পুলিশ এবং দমকল বাহিনী। তাদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় বিহারের জেলা ম্যাজিস্ট্রেট কুমার গৌরব জানান, ‘এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি একটি চারতলা বাড়ি সহ ঘটনাস্থলে থাকা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকার প্রায় ১০০ মিটারের মধ্যে থাকা বাড়িগুলির জানলার কাঁচও ক্ষতিগ্রস্ত হয়েছে।’



