পাটনা, ২ অক্টোবর: কথা দিয়েছিলেন, ছট পুজোয় বাড়ি ফিরবেন। তবে এভাবে কথা রাখবেন, কেউ ভাবেনি। এক মাসের মাইনে গেল প্লেনের ভাড়ায়। তবে মা-কে দেওয়া কথা রেখে বাড়ি ফিরলেন বিহারের এক শ্রমিক। কিন্তু এই গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিহারের নালন্দায় বাড়ি শত্রুঘ্ন কুমারের। তিনি চেন্নাইতে একটি ইস্পাত কারখানায় কাজ করতেন, যেখানে তাঁর বেতন ছিল মাসিক ১৫,০০০ টাকা। কিন্তু মা বলেছিলেন ছট পুজোয় বাড়ি আসতে, তাই তিনি প্লেনেই আসেন এবং সেই সংক্রান্ত একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে তাঁকে প্রশ্ন করেন, বাস কিংবা ট্রেনে না এসে কেন তিনি প্লেনে এলেন? তবে শত্রুঘ্নর ঢাল হয়ে দাঁড়ান নেটিজেনদের অনেকেই। তাঁরা বলেন, এটা ওঁর নিজের টাকা। তিনি কীভাবে আসবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
শত্রুঘ্নর অনেক সহকর্মী টিকিট না পাওয়ার কারণে ছট পুজোয় গ্রামের বাড়িতে যেতে পারছেন না। তাই তিনি আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি প্লেনেই যাবেন। ভিডিওতে দেখা যায়, তিনি কেবিন ক্রু-দের সঙ্গেও কথা বলছেন। শোনা যাচ্ছে, গ্রামে আসা মাত্রই তাঁকে ফুল-মালা দিয়ে বরণও করা হয়েছে।



