সংবাদদাতা, রামপুরহাট: সংস্কারের কাজের জন্য আগামী ১০জুন থেকে টানা দশদিন নলহাটিতে রেললাইনের উপর থাকা রোড ওভারব্রিজের উপর যান চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষের পাশাপাশি নলহাটি পাথর শিল্পাঞ্চলের লরিও এই আরওবির উপর দিয়ে চলাচল করে। তার জেরে পাথর পরিবহণে সমস্যা হবে।
অনবরত ট্রেন ও মালগাড়ি যাতায়াতের ফলে নলহাটির বাইপাস রাস্তার উপর অধিকাংশ সময় লেভেল ক্রসিং গেট বন্ধ থাকত। এই রেলগেটই নলহাটির জনজীবনকে ব্যাহত করে তুলছিল। দীর্ঘ যানজট হতো। জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের পড়ুয়া থেকে পথচারীরা রেললাইন পার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই ওই রেলগেটে আরওবি নির্মাণের উদ্যোগ নেয়। রাজ্য ও রেল যৌথভাবে ৪০কোটি টাকা বরাদ্দ করে। সেইমতো ২০১৮সালে জগধারী ও করিমপুর এলাকায় বাইপাস রাস্তার উপর আরওবি নির্মাণের কাজ শুরু হয়। ২০২২সালের জুলাই মাসে সেই নির্মাণকাজ শেষ করে ব্রিজটির উদ্বোধন করা হয়। এই আরওবি দিয়ে পাথর শিল্পাঞ্চল বাহাদুরপুর, ভবানন্দপুর, ছিলিমপুর, কুসুমজুলি সহ ঝাড়খণ্ডে খুব সহজে যাওয়া যায়। তেমনই নলহাটি শহর ছাড়াও আশপাশের কয়েক হাজার মানুষ থেকে পড়ুয়া প্রতিদিন এই রাস্তা দিয়ে মহকুমা শহর ও রামপুরহাট মেডিক্যাল যাতায়াত করেন। এছাড়া নিত্যদিন কয়েক হাজার লরি এই শিল্পাঞ্চলে যাতায়াত করে।
অভিযোগ, অনবরত ওভারলোডেড পাথরবোঝাই যান চলাচলের ফলে বছর খানেকের মধ্যেই আরওবির পিচের আস্তরণ উঠে খানাখন্দে পরিণত হয়। এরই মধ্যে ভারী যান চলাচলের ফলে বর্তমানে কোথাও কোথাও ঢালাইয়ের অংশ উঠে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ব্রিজটি। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে ব্রিজটির যা হাল তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাঁরা ধুলোয় জেরবার হচ্ছেন। এই রাস্তা সংস্কারের দাবিতে বাসিন্দারা বহুবার পথ অবরোধ করে আন্দোলন করেন।
অবশেষে আরওবি সহ ১৭০০মিটার বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হল প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন বছরের ‘ওয়ারেন্টি পিরিয়ডে’র মধ্যে থাকায় ব্রিজ সংস্কার করবে আবওবি নির্মাণকারী সংস্থাই। সাড়ে তিন কোটি টাকা খরচে ১৭০০মিটার রাস্তা সংস্কার করবে পিডব্লুডি(রোডস)। জেলাশাসক বিধান রায় বলেন, আগামী ১০ জুন থেকে ওই আরওবি সহ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। প্রথমে আরবিও সংস্কারের কাজ হবে। সেজন্য টানা ১০দিন যান চলাচল বন্ধ রাখা হবে। পরে একদিকে কাজে চলবে, অন্যদিকে গাড়ি চলাচল করবে। যদিও প্রশাসনের একাংশের মতে, ওভারলোডেড যান চলাচল বন্ধ না করলে সংস্কারের অল্পদিনেই ফের বেহাল হয়ে পড়বে আরওবি এবং রাস্তাটি।
টানা ১০দিন আরওবি বন্ধ থাকলে পাথর শিল্পাঞ্চলে অচলাবস্থা দেখা দেবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষে আনন্দ যাদব বলেন, গাড়ি যদি না ঢুকতে পারে তাহলে প্রোডাকশন করে লাভ কী? ট্রাফিক ব্লকের কয়েকটা দিন কার্যত শিল্পাঞ্চল বন্ধই থাকবে। ব্যাপক লোকসান হবে।