নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূষণ রোধ একপ্রকার অধরাই। তা সত্ত্বেও ফি বছর নিয়ম-কানুনের নামে সাধারণ মানুষকে হয়রান করতেই ব্যস্ত দিল্লির বিজেপি সরকার। আগামী ১ নভেম্বর থেকে দিল্লিতে যানবাহন চলাচলের উপর জারি হয়েছে একগুচ্ছ শর্ত। সিএনজি অথবা বিএস-৬ ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতেই পারবে না দিল্লিতে। একইসঙ্গে মানতে হবে আরও একাধিক শর্ত। সবমিলিয়ে আবারও ভোগান্তির আশঙ্কা করছে আম জনতা। দিল্লি পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, বিএস-৬, সিএনজি, বৈদ্যুতিক গাড়ি চলাচল করতে পারবে। পাশাপাশি আপৎকালীন পরিষেবার জন্য যেসব যানবাহন রয়েছে, ছাড় মিলবে তাদেরও। দিল্লি পুলিশ সমস্ত নাগরিকের কাছে বার্তা পাঠিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে বাইরে বেরনোর আগে তাঁরা যেন অবশ্য নিজের গাড়ির ব্যাপারে ঠিকমতো খোঁজখবর নিয়ে নেন। অন্তত তিন মাসের জন্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে দিল্লিতে। ইতিমধ্যেই দিল্লিতে দূষণ পরিস্থিতির অবনতি হওয়া শুরু হয়েছে। কারণ দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মান ক্রমেই খারাপ হচ্ছে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে দূষণ পরিস্থিতির কীভাবে নিয়ন্ত্রণ সম্ভব, তা বুঝে উঠতে পারছে না ওয়াকিবহাল মহল। গত বছরও দূষণ কমানোর নামে কৃত্রিম বৃষ্টিপাতের চমক দিতে চেয়েছিল দিল্লির বিজেপি সরকার। কিন্তু আদতে কাজের কাজ কিছুই হয়নি। বরং তা জুমলায় পরিণত হয়েছিল। এবারও ঢক্কানিনাদই বেশি হতে চলেছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।



