সংবাদদাতা, চন্দননগর: বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজো নিয়ে সোমবার হংসেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে সাংবাদিক বৈঠক করল বাঁশবেড়িয়া সাহাগঞ্জ কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ সহ পুজো কমিটির সদস্যরা। ১৬-২১ নভেম্বর পর্যন্ত চলবে কার্তিক পুজো। ২১ নভেম্বর শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হবে। বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, কেন্দ্রীয় পুজো কমিটি এবার মোট ৮৫টি পুজো অনুমোদন করেছে। মগরা থানার অন্তর্গত ২২টি ও চুঁচুড়া থানার অন্তর্গত ২৪টি পুজো হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে ১৬টি পুলিশ সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প। যানজট এড়াতে পুজোর দিনগুলিতে বিকাল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট রাস্তায় ভারী যান চলাচল বন্ধ থাকবে। বিসর্জনের দিন সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মণ্ডপে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। এই নির্দেশিকা পালনের জন্য সবাইকে অনুরোধ করছি।



