Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাফিক পুলিসের অতিসক্রিয়তার অভিযোগে অবরোধ তৃণমূলের

ট্রাফিক পুলিসের অতিসক্রিয়তার অভিযোগে অবরোধ তৃণমূলের
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: হামেশাই কৃষকদের ট্রাক্টর রাস্তায় আটক করছে ট্রাফিক পুলিস। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোটা টাকা জরিমানাও করা হচ্ছে। তাতে সমস্যায় পড়ছেন স্থানীয় ট্রাক্টর চালক, যানবাহনের মালিক থেকে কৃষকরা। এমনই অভিযোগ তুলে শনিবার সকালে সূতিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন তাঁরা। পুলিসের এই ‘অতিসক্রিয়তা’র ফলে দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলেও বিক্ষোভকারীদের দাবি। অবরোধ, বিক্ষোভের ফলে ওই রাস্তায় সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সূতি থানার পুলিস। পুলিস এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয়।

Advertisement

এ প্রসঙ্গে অজগরপাড়া সাব ট্রাফিক গার্ডের এক এসআই বলেন, এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে, যানজট হয় ফলে পুলিস তার কর্তব্য পালন করে থাকে। ট্রাফিক নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা করা হয়। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সূতির হাড়োয়াতে গাইঘাটা মোড় সংলগ্ন কেবি রোড অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাতে যোগ দেন স্থানীয় কৃষকদের একাংশ। বিক্ষোভকারীরা রাস্তার উপর বসে পড়েন। অযথা কৃষকদের হয়রানির প্রতিবাদে পুলিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দু-একদিন অন্তর ট্রাফিক পুলিস এসে ধরপাকড় শুরু করে। এই পথে কৃষকরা মূলত ট্রাক্টর নিয়ে মাঠে ও বাজারে যায়। তখন ট্রাক্টর আটকে কাগজপত্র চেক করে। ত্রুটি পেলেই ১০০ থেকে ৫০০ টাকা ফাইন করা হয়। কখনও ৫০০০ টাকাও আদায় করা হয় বলে দাবি। হাড়োয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কটা শেখ বলেন, একজন সাধারণ কৃষকের কাছ থেকে প্রায়শই ফাইন কাটা হচ্ছে। মোটা টাকা আদায় করা হচ্ছে। এতে দলের ও সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের সুনাম নষ্ট হয় এমন কাজ পুলিসকে করতে দেওয়া যাবে না। চাষিরা এসে আমাদের কথা শোনাচ্ছে।
জঙ্গিপুরের ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা বলেন, এনিয়ে আমার কাছে আগে কোনও প্রমাণ বা অভিযোগ জমা পড়েনি। আচমকা কিছু মানুষ এমনভাবে বিক্ষোভ দেখালে কিছু করার নেই।  

Advertisement
সম্পর্কিত সংবাদ