Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে চার মাসে সাড়ে ৯ কোটি টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিসের

কোচবিহারে চার মাসে সাড়ে ৯ কোটি টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিসের
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: চলতি বছর গত চার মাসে কোচবিহারে ট্রাফিক জরিমানা ধার্য হয়েছে প্রায় সাড়ে নয় কোটি টাকা। যা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি। ট্রাফিকের চালান কাটার পরিমাণও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সড়ক তথা জেলার সমস্ত রাস্তাতেই পথ নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে চাইছে পুলিস। 

Advertisement

অন্যদিকে, বিগত বছরগুলির তুলনায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে জেলায়। পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হ্রাসে গতবছর রাজ্যে প্রথম হয়েছিল কোচবিহার। গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে সেই সংখ্যা অনেকটাই কমেছে। এবার দুর্ঘটনা এড়াতে জেলা পুলিসের ট্রাফিক বিভাগ জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার মুখে স্পিড ব্রেকার বসাতে শুরু করেছে। এতে গোটা জেলায় দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে বলে মনে করা হচ্ছে। 
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন,জেলার ঘোকসাডাঙা থেকে বক্সিরহাট পর্যন্ত জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলিতে স্পিড ব্রেকার লাগানোর কাজ শেষ হয়েছে। দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ।
জেলা পুলিসের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত জেলায় ট্রাফিক আইন অমান্য করার জন্য মোট ৪৭ হাজার ৫৫৩টি চালান কাটা হয়েছিল। সেখানে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত চালান কাটা বেড়ে দাঁড়ায় ৮৮ হাজার ৩৫৭টি। গতবছর এপ্রিল মাস পর্যন্ত জরিমানা ধার্য হয়েছিল ৫ কোটি ১০ লক্ষ টাকা। সেখানে চলতি বছর এখনও পর্যন্ত জরিমানা ধার্য হয়েছে ৯ কোটি ৪১ লক্ষ টাকা। গতবছর শুধুমাত্র এপ্রিল মাসে লাইসেন্স বাতিলের সংখ্যা ছিল ৩০টি, সেখানে চলতি বছরের এপ্রিল মাসে ২৩৬টি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। 
২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ধরা পড়েছিল মাত্র দু’জন চালক। সেখানে চলতি বছরের ওই সময়সীমার মধ্যে ধরা হয়েছে ১৪৩ জনকে। ২০২৩ সালে জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৭৩ জনের। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৩৮৩। যা রাজ্যের সমস্ত জেলাগুলির নিরিখে প্রথম ছিল। পথ দুর্ঘটনায় মৃত্যু হ্রাসের হার ছিল ১৮ শতাংশ। গতবছরের এপ্রিল মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২২ জনের। ২০২৫ সালের এপ্রিল মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪’তে। 
এবার ঘোকসাডাঙা থেকে শুরু করে বক্সিরহাট পর্যন্ত জাতীয় সড়কের ধারের অ্যাপ্রোচ রাস্তাগুলিতে স্পিড ব্রেকার বসানোর ফলে পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমবে। যান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যথেষ্ট কার্যকরী হবে। জাতীয় সড়ক দিয়ে টোটো চলাচলের উপরেও পুলিস কড়া পদক্ষেপ করছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে। 
 রাস্তায় স্পিড ব্রেকার লাগাচ্ছে পুলিস। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ