Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেরামতির জন্য উড়ালপুলে বন্ধ গাড়ি চলাচল, যানজট সোদপুরে

বেয়ারিং মেরামতির জন্য শনিবার সকাল থেকে সোদপুর উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে তীব্র দুর্ভোগে পড়তে হয়।

মেরামতির জন্য উড়ালপুলে বন্ধ গাড়ি চলাচল, যানজট সোদপুরে
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেয়ারিং মেরামতির জন্য শনিবার সকাল থেকে সোদপুর উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে তীব্র দুর্ভোগে পড়তে হয়। সমস্ত গাড়ি, বাস, লরি, ট্রাক ৮ নম্বর ও ৬ নম্বর রেলগেট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ৮ নম্বর রেলগেট এলাকায়। রাসমণি মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায়। আজ রবিবারও একই রকম ভোগান্তি থাকবে। সোদপুর উড়ালপুল মেরামতির জন্য প্রতি শনি ও রবিবার উড়ালপুলে যান চলাচল বন্ধ করা হচ্ছে।

Advertisement

বাম আমলে তৈরি হওয়া সোদপুর উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, উড়ালপুলটির বেয়ারিং অবিলম্বে মেরামত করা দরকার। না হলে বড় বিপদ হতে পারে। পূর্তদপ্তর এবং রেলের ইঞ্জিনিয়াররা যৌথভাবে সমীক্ষা চালিয়ে উড়ালপুলটি মেরামতির সুপারিশ করেন। সেই সুপারিশ অনুযায়ী কাজ শুরু হয়েছে সোদপুর উড়ালপুলে। এমনিতেই উড়ালপুলটি পুরনো পদ্ধতিতে তৈরি হয়েছে। পিলারের সঙ্গে রয়েছে বহু দোকান, যা পিলারগুলিকে দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। 
এই কাজের ফলে সোদপুরের পশ্চিম পাড়ের সঙ্গে পূর্ব পাড়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সমস্ত গাড়ি কেয়া মোড় এবং রামচন্দ্রপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয় গোটা সোদপুর এলাকায়। একদিকে বৃষ্টি আর অপরদিকে যানজটে জেরবার হয় সাধারণ মানুষ। 
এ ব্যাপারে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, উড়ালপুলটির হেল্থ অডিট করে দেখা যায় বেয়ারিংগুলি মেরামত করা দরকার। সেই কাজ করা হচ্ছে। সে জন্যই শনি ও রবিবার উড়ালপুলে যান চলাচল বন্ধ করে মেরামতির কাজ চলছে। সেজন্য সাময়িক দুর্ভোগ হলেও আগামী দিনে সকলের ভালোই হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ