সংবাদদাতা, শিলিগুড়ি: দুপুর গড়াতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে তীব্র যানজট। নাজেহাল হচ্ছেন শহরবাসী। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট এই রাস্তায় ব্যাপক আকার নিচ্ছে। বিকেল পেরোনোর পর তা আরও তীব্র। রাস্তার উপর চলে এসেছে অসংখ্য ছোট দোকান। তিনমাথা মোড়ের এই রাস্তার ধারে রয়েছে একটি ছোট মাঠ। সেখানে সারাবছর মেলা, প্রদর্শনী লেগেই থাকে। রাস্তার আর একদিকে পলিক্লিনিক। রোগী নিয়ে আসা বাইক, স্কুটার গাড়ির সঙ্গে ডাক্তারদের গাড়ি পার্কিংয়ে রাস্তা অপরিসর হয়ে পড়ে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই তিনমাথা মোড়ের যানজট শিলিগুড়ির জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই যানজট সমস্যার সমাধানে মহাকুমা পরিষদ এলাকার অবৈধ ছোট দোকান রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা। শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোনইন লাইভ অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ভট্টাচার্য এই সমস্যা নিয়ে মেয়রকে অভিযোগ করেন। তাঁর উত্তরে মেয়র গৌতম দেব বলেন, এর মধ্যেই ট্রাফিক পুলিসের সঙ্গে বৈঠক রয়েছে। মহকুমা পরিষদের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণে জোর দিতে বলা হবে। রাস্তার ধারে যাতে টোটো না দাঁড়িয়ে থাকে তা ট্রাফিক পুলিসকে দেখতে হবে। ওই এলাকার যানজট অনেকদিন ধরে আমাদের নজরে রয়েছে। রাস্তার উপর অবৈধ দোকান বসতে দেওয়া যাবে না। সেরকম ওই এলাকায় বাণিজ্যিক কারণে যারা রাস্তার উপর গাড়ি পার্কিং করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, একটি বড় ওষুধের দোকান কাম পলিক্লিনিক রয়েছে। রোগী নিয়ে আসা বাইক, স্কুটার সঙ্গে ডাক্তাররাও গাড়ি রাখছেন রাস্তার উপরে। ওই পলিক্লিনিককে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। তারা ব্যবসা করছে। তার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না। পুরসভাও এই ঘটনা মেনে নেবে না। শিলিগুড়ি জেলা হাসপাতালের হাসপাতালের সামনেও এক সমস্যা রয়েছে। শহরে পাড়ায় পাড়ায় এরকম বহু জায়গায় বাণিজ্যিক ব্যবহার বেড়ে যাওয়ায় রাস্তায় যথেচ্ছ অবৈধ পার্কিংজোন তৈরি হয়েছে। ফলে শহরের প্রধান রাস্তাগুলির সঙ্গে তাল মিলিয়ে পাড়ার রাস্তায় যানজট সমস্যা তীব্র রূপ নিয়েছে। মেয়র বলেন, শহরের গতি বাড়াতে যেখানেই এই সমস্যা দেখা দেবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র।