নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শনিবার ডানকুনিতে নবনির্মিত ট্রাফিক গার্ড ভবনের উদ্বোধন হয়েছে। রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার এদিন ওই ভবন এবং অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার (ট্রাফিক) অফিসের উদ্বোধন করেন। ডানকুনি সিআই মোড়ে ওই নতুন ভবনের সামনে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চন্দননগরের পুলিস কমিশনার অমিত পি জাভালগি, হাওড়ার পুলিস কমিশনার প্রবীণ ত্রিপাঠি, হুগলি গ্রামীণ পুলিস সুপার কামনাশিস সেন প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজীব কুমার বলেন, পুলিসের মুখ হচ্ছে ট্রাফিক পুলিস। পথচলতি অধিকাংশ মানুষই হয়তো কোনওদিন থানায় যাননি। তাই পুলিস সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। তাঁরা পুলিসকে চিনতে, ব্যাখ্যা করতে শেখেন ট্রাফিক পুলিসের আচরণ ও কর্মদক্ষতায়।



