নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দান স্টেশনে মেট্রো ট্র্যাক জল থইথই। বৃষ্টি না হলেও ট্র্যাকে নিকাশি নালা থেকে জল ঢোকে। তার জেরে দুপুরে প্রায় দু’ঘণ্টা শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা বিঘ্নিত।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দান স্টেশনে মেট্রো ট্র্যাক জল থইথই। বৃষ্টি না হলেও ট্র্যাকে নিকাশি নালা থেকে জল ঢোকে। তার জেরে দুপুরে প্রায় দু’ঘণ্টা শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা বিঘ্নিত।
অন্যদিকে দক্ষিণ কলকাতার চেতলা, টালিগঞ্জ সার্কুলার রোড বন্ধ। কারণ, রাজনৈতিক কর্মসূচি। মধ্য ও উত্তর কলকাতার পথ আটকেও চলেছে রাজনৈতিক মিছিল। ফলে সড়কপথের সমস্যা এড়াতে পাতালপথে ভিড়। কিন্তু সেখানেও শিয়রে সংক্রান্তি। সবমিলিয়ে জোড়া দুর্ভোগে নাজেহাল যাত্রীরা। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে অফিসযাত্রী—প্রত্যেকেরই গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত দু’থেকে তিনঘণ্টা সময় লেগে যায়। দুপুরজুড়ে শহরের রাস্তায় যানজট ও মেট্রো দুর্ভোগ। প্রবল সমস্যায় কলকাতা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শহরে দু’টি রাজনৈতিক কর্মসূচি ছিল। রেড রোড, আরআর অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত যায় একটি মিছিল। সেই মিছিলেরই অন্য একটি অংশ কলেজ স্ট্রিট, এমজি রোড হয়ে জোড়াসাঁকো পর্যন্ত এগয়। এই কর্মসূচির জেরে মধ্য কলকাতা বিশেষত সেন্ট্রাল অ্যাভিনিউর উত্তরমুখী রাস্তা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। দক্ষিণমুখী রাস্তাও পড়ে সমস্যায়। এর ফলে অন্যান্য রাস্তাগুলিতেও মানুষের চাপ বাড়ে। সেখানে যান চলাচল সচল রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। মিছিলের জন্য বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থাও করা হয়। সবমিলিয়ে সমস্যা তৈরি হওয়ায় স্কুল-কলেজের পড়ুয়ারা বাড়ি ফিরতে উত্তর কলকাতায় পৌঁছনোর জন্য মেট্রোপথে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ, ঠিক তখনই মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে জানায়, ময়দান স্টেশন সংলগ্ন ট্র্যাকে জল ঢুকছে। থার্ড লাইনে জল উঠে গেলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে।
এরপর সেই আশঙ্কায় দুপুর দু’টো ১৯ মিনিটে ময়দান মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। ছাত্র-ছাত্রী সহ অন্যান্য যাত্রীরা প্রবল দুর্ভোগের মুখে পড়েন। কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, ‘মেট্রোর রক্ষণাবেক্ষণ হয় না। প্রতিটি পাতালপথে পাম্পিং স্টেশন রয়েছে। প্রায় ৪০-৪২ বছর ধরে সেই পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণ হয়নি।’ মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার পর বহু যাত্রীর স্মার্টকার্ড থেকে ২৫ টাকা কেটে নিয়েছে বলে বিক্ষিপ্ত অভিযোগ ওঠে। বিভিন্ন স্টেশনে রেল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর, বিপত্তির এক ঘণ্টা বাদে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। প্রায় দু’ঘণ্টা পর চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। যাত্রীদের অভিযোগ, ‘এদিন সকাল থেকেই মেট্রো অনিয়মিত।’ অন্যদিকে জানা গিয়েছে, বুধবার গুরু নানকের জন্মদিন। সাধারণ দিনগুলি ব্লু লাইনে ২৭২টি মেট্রো পরিষেবা থাকে। আজ চলবে ২৩৬টি। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। গ্রিন লাইনে ২২৬টি মেট্রো চলে। আজ চলবে ১৮৬টি। বাকি তিনটি ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।