সংবাদদাতা, কাটোয়া: লক্ষ লক্ষ টাকার থিমের মণ্ডপ থাকলেও শতাব্দীপ্রাচীন ‘থাকা’র ঐতিহ্যের সঙ্গে কাটোয়াবাসীর আবেগ জড়িয়ে আছে। রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পৌরাণিক কাহিনী এই বাঁশের থাকার মাধ্যমে তুলে ধরা হয়। যা দেখতে কাতারে কাতারে মানুষ কাটোয়া শহরে ভিড় করেন।
এখন কাটোয়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি কার্তিকপুজো হয়। তার মধ্যে কিছু পুজোতেই ‘থাকা’ রয়েছে। এটি হল বাঁশ দিয়ে তৈরি পিরামিডের আকৃতির কাঠামো। এই বাঁশের কাঠামোয় ২৫-৩০টি থেকে শুরু করে ৪২টি অবধি মাটির পুতুল থাক থাক করে বসানো থাকে। সমস্ত মূর্তিই বিভিন্ন পৌরাণিক কাহিনীর চরিত্র। থাকার মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়। এই থাকার মধ্যমণি হন ‘রাজা কার্তিক’। বিশেষজ্ঞদের মতে, একসময় এই জনপদের নাম ছিল কণ্টকনগর, যা নদীকেন্দ্রিক বাণিজ্যের অন্যতম স্থান ছিল। আর সেই ব্যবসাকে কেন্দ্র করেই শহরে সম্ভ্রান্ত ব্যবসায়ী বা ‘বাবু’দের যাতায়াত শুরু হয়। তাঁদের মনোরঞ্জনের জন্যই নদীতীরে বারবনিতারা বসবাস করতে থাকেন। কাটোয়ার গঙ্গাপাড়ের প্রাচীন চুনারিপাড়ার (এখন হরিসভাপাড়া) বারবনিতাদের হাত ধরেই কাটোয়ায় কার্তিকপুজোর চল শুরু হয়। সেই পুজোয় খরচ দিতেন ‘বাবু’রা। শোভাযাত্রায় কার ‘থাকা’ আগে থাকবে, তা নিয়ে বাবুদের মধ্যে প্রতিযোগিতা চলত। সেই থেকে এই উৎসব কার্তিক লড়াই নামে পরিচিতি পায়।
থিমের জৌলুস বাড়লেও কাটোয়ার শাঁখারি পট্টীখড়ের বাজার, খড়ের বাজার, ঝাউতলা গলি, চাউলপট্টি, কিশলয়ের মতো কার্তিকপুজোর উদ্যোক্তারা থাকার ঐতিহ্য বহন করে চলেছেন। এবার কাটোয়া শহরের প্রায় ১৫টি কার্তিকপুজো কমিটি থাকা তৈরি করছে। কাটোয়ার কিশলয় ক্লাব এবছর ২৬টি পুতুল দিয়ে ‘ঘটোৎকচ বধ’ থিম উপস্থাপন করেছে। ক্লাবের সম্পাদক মৃণালকান্তি দাস বলেন, আমাদের পুজোর বাজেট সাড়ে পাঁচলক্ষ টাকা। থাকা কার্তিক সঙ্গে নিয়ে শোভাযাত্রা হবে। কাটোয়ার কিশলয় ক্লাবের ঐতিহ্যবাহী থাকা।



