ব্যবসায়ীদের ১১ হাজার কোটির ক্ষতি! বিজেপিকে দুষলেন রাহুল
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীপাবলির আগে বড়োসড়ো ক্ষতির অভিযোগ দিল্লির ব্যবসায়ীদের। ১ নভেম্বর রামলীলা ময়দানে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র মেগা কর্মসূচির জেরে প্রধান বাজারগুলি বন্ধ ছিল। দিল্লির চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) জানিয়েছে, ওই সমাবেশের জন্য ব্যবসায় ১০ থেকে ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দীপাবলির এই লোকসান কীভাবে পূরণ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বণিক মহল। যদিও ব্যবসায়ীদের ক্ষতির জন্য সম্পূর্ণভাবে বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্টই বলেছেন, জোটের কর্মসূচির জন্য নয়, বিজেপিই জোর করে দোকান-বাজারগুলি বন্ধ করে দিয়েছে। সেই কারণে মানুষ কেনাকাটা করতে পারেননি। 

Advertisement

রবিবারের কর্মসূচি নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল দিল্লির বণিক মহলের। কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছিল সিটিআই। আশঙ্কার কথা জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃত্বকে চিঠিও পাঠায় তারা। এসব সত্ত্বেও নির্ধারিত কর্মসূচি মেনেই সমাবেশ করে বিরোধীরা। সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গয়াল বলেন, ১ নভেম্বরের কর্মসূচির জেরে শুধুমাত্র খুচরো ও পাইকারি বাজারেই প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। রামলীলা ময়দানের ৫ কিলোমিটার মধ্যে প্রায় সমস্ত বাজার ও বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ ছিল। কাশ্মীরি গেট, চাঁদনি চক, সদর বাজার, কনট প্লেস, কারোল বাগ, দরিয়াগঞ্জ, ও পালিকা বাজারের মতো প্রধান বাজারগুলিতে প্রায় আড়াই লক্ষ দোকান সম্পূর্ণ বন্ধ ছিল ওইদিন। দীপাবলির সময় এই দোকানগুলিতে প্রায় ১০-১২ হাজার কোটি টাকার কেনাকাটা হয় বলে তাঁর দাবি। দীপাবলি উপলক্ষ্যে বাজারগুলিতে দিল্লির পাশ্ববর্তী এলাকা থেকে বহু ক্রেতা কেনাকাটা করতে আসেন। কিন্তু রাজনৈতিক কর্মসূচির জেরে তাঁরা আসতে পারেননি। যদিও রাহুল পালটা বলেন, জনসভায় আসা সমর্থকদের স্থানীয় দোকান থেকে কেনাকাটার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কনট প্লেসে দেখি বিজেপি সরকার জোর করে সব দোকান বন্ধ করে দিয়েছে। যদিও তাঁর দাবি মানতে নারাজ বিজেপি। ব্যবসায়ীদের ক্ষতির জন্য কংগ্রেস সহ বিরোধীদের দুষেছে পদ্মশিবির।