Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঈদে পেট্রাপোলে এবার চারদিনের বদলে ১০ দিন বন্ধ থাকবে বাণিজ্য

ইউনূস জমানায় ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য।

ঈদে পেট্রাপোলে এবার চারদিনের বদলে ১০ দিন বন্ধ থাকবে বাণিজ্য
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ইউনূস জমানায় ঈদ উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। ক্ষতির মুখে দু’পারের ব্যবসায়ীরা। সাধারণত প্রতি বছর ঈদ উপলক্ষে চারদিন পেট্রাপোল বন্দরে সীমান্ত-বাণিজ্য বন্ধ থাকে। এবার সেটা বেড়ে হয়েছে ১০ দিন। অর্থাৎ, আজ ৫ থেকে ১৪ জুন পর্যন্ত পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। যদিও ছুটির কারণে যাত্রী চলাচলও অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

এদিকে, এই ছুটির কারণে লোকসানের মুখে পড়তে হবে দু’দেশের ব্যবসায়ীদের। অন্যান্য বছর ঈদ উপলক্ষে চারদিন বন্ধ থাকতো বাণিজ্য। কোনও কোনও বছর এই চারদিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি জুড়ে গিয়ে ঈদ উপলক্ষে মোট ছুটি দু-একদিন বাড়ত। তাতেই সমস্যায় পড়তেন ব্যবসায়ীরা। এবার সেই ছুটিই একধাক্কায় হয়েছে দশদিন। এবিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, প্রতিবছর ঈদে বাংলাদেশে জাতীয় ছুটি ঘোষণা হয়। সে কারণে পেট্রাপোল বন্দরে বাণিজ্য বন্ধ থাকে। তবে দশদিন বাণিজ্য বন্ধ এবারই প্রথম। এটা ব্যবসায়ীদের কাছে খুবই অসুবিধার। বাংলাদেশ কর্তৃপক্ষ এতদিন বাণিজ্য বন্ধ রাখলে আমরা আর কী বলব!
সূত্র মারফত জানা গিয়েছে, এবছর ১০ দিন বাণিজ্য বন্ধ থাকার কথা অলিখিতভাবে আগে থেকেই জানিয়েছিল ওদেশের বন্দর কর্তৃপক্ষ। এবিষয়ে পেট্রাপোল শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, সাধারণত প্রতিবছর ঈদ উপলক্ষে চারদিন বাণিজ্য বন্ধ থাকে। এবছর বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ১০ দিন বাণিজ্য বন্ধ থাকার কথা লিখিতভাবে জানিয়েছে। আর বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, প্রতিবছর ঈদে চারদিন ছুটি থাকে। এবছর ১০ দিন ছুটি ঘোষণা হয়েছে। দীর্ঘ সময় বাণিজ্য বন্ধ থাকবে। এর ফলে কমবেশি সকলেই সমস্যায় পড়বেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ