Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনে রাস্তায় মহিলার দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

তপনে রাস্তায় মহিলার দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তপন: তপনের শিলিগুড়ি মোড়ে রাজ্য সড়কের উপরে অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধনগ্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। পথদুর্ঘটনা না কি খুন? তা নিয়ে রহস্য বাড়ছে। শনিবার সকালে তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের শিলিগুড়ি মোড়ের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। পুলিস জানিয়েছে, মৃতার বয়স পঞ্চাশের উপরে। মানসিক ভারসাম্যহীন ওই মহিলা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
Advertisement
স্থানীয়রা জানান, মহিলার কোমরের নীচে কাপড় উল্টো করে পরানো ছিল। কোমরের উপরের কাপড়ও ছেঁড়া ছিল। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষত এবং ভাঙা অবস্থায় ছিল। পুলিসের প্রাথমিক অনুমান, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার। যদিও পথ দুর্ঘটনা হলে যে পরিমাণে রক্ত পড়ে থাকার কথা সে পরিমাণ রক্ত পড়ে ছিল না রাস্তায়। এমনটাই দাবি স্থানীয়দের। এনিয়ে রহস্য বেড়েছে। স্থানীয়দের একাংশের অনুমান, মহিলাকে অন্য কোথাও ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর দেহ এনে রাজ্যসড়কে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা অজয় পাল বলেন, রাস্তার উপরে যেভাবে মৃতদেহটি পড়েছিল, তাতে পথদুর্ঘটনা নাও হতে পারে। হতে পারে অন্য কোনও জায়গা থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। ওই মহিলাকে এর আগে এই এলাকায় ঘোরাফেরা করতে আমরা দেখিনি। পথচলতি বিজয় মুর্মুর কথায়, মহিলার শরীরে বেশিরভাগ অংশেই কাপড় ছিল না। মহিলাকে ধর্ষণ করে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। পুলিস সঠিকভাবে তদন্ত করুক। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পর্কিত সংবাদ