Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনে ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয়ে সব আবেদনই মঞ্জুর

তপনে ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয়ে সব আবেদনই মঞ্জুর
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি প্রদানে ওটিএ স্কিমে ১০০ শতাংশ কৃষকদের আবেদন মঞ্জুর তপন ব্লকে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক মূলত কৃষি প্রধান এলাকা। ব্লকের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে আগস্ট-সেপ্টেম্বর মাসে কৃষকদের কাছ থেকে আবেদন জমা নেওয়া হয় কৃষিদপ্তরে। যে প্রকল্পের অধীন কৃষকরা ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির ওপর। তপন ব্লকে সবকটি স্কিম মিলিয়ে মোট ৩৩৬ জন কৃষক অনলাইনে আবেদন করলেও নথিপত্র ভুল থাকার কারণে বা কৃষিদপ্তরে ঠিকঠাক জমা করতে না পারার কারণে ১০০ জনের আবেদন আগেই বাতিল হয়। ব্লকে ওটিএ (ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স) স্কিমে মোট ৯৪ জন আবেদনকারী এবং এফএসএসএম (ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন) স্কিমে মোট ১৪২ জন আবেদনকারী কৃষি যন্ত্রপাতির জন্য সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা করেন। ওটিএ স্কিমে মূলত ব্যাটারি চালিত স্প্রে মেশিন, ধান ঝাড়াই মেশিন সহ পাঁচ হাজার টাকার স্কিমের বিভিন্ন যন্ত্রপাতি প্রদান করা হবে।
Advertisement
অন্যদিকে এফএসএসএম স্কিমে পাওয়ার টিলার, রোটাভিটার, পাম্পসেট, ধান রোপণের মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি। কৃষি দপ্তর সূত্রের খবর, ওটিএ স্কিমে ৯৪ জনের সমস্ত কৃষকের আবেদন মঞ্জুর করা হয়েছে। তাদের ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কেনার অনুমতি দেওয়া হচ্ছে দপ্তর থেকে। তবে এফএসএসএম স্কিমে ১৪২ জনের মধ্যে তপনের ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি থেকে লটারির মাধ্যমে ৬ জনকে বাছাই করে মোট ৬৬ জনের আবেদন মঞ্জুর করে তাঁদের কেনার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ অনুপস্থিত থাকলে বা না কিনলে বাকিদের সুযোগ দেওয়া হবে।
তপন পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বাসন্তী বর্মন বলেন, সরকারি ভর্তুকিতে প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি পাওয়ায় অনেকটা উপকৃত হবেন ব্লকের কৃষকরা। কিছু স্কিমে সীমিত সংখ্যক কোটা থাকায় লটারির মাধ্যমে কৃষকদের বাছাই করা হচ্ছে।  কৃষকদের কাছে অনুরোধ তাঁরা যেন ওই সমস্ত কৃষি যন্ত্রপাতি শুধুমাত্র নিজেদের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহার করেন।
এবিষয়ে জেলার মুখ্য কৃষি অধিকর্তা প্রণব কুমার মুখোপাধ্যায়কে ফোন এবং মেসেজ করা হলেও তিনি কোনও উত্তর দেননি।
সম্পর্কিত সংবাদ