সংবাদদাতা, তপন: তপনের ভাড়িলায় ১৮ দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ। স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়ায় দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর থেকেই গৃহবধূ নিখোঁজ। ২৯ নভেম্বর সন্ধ্যা থেকে তাঁর খোঁজ মিলছে না। আত্মীয়-স্বজন ও প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও হদিশ মেলেনি। এনিয়ে ৪ ডিসেম্বর তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী। কিন্তু এখনও তাঁর হদিশ মেলেনি। এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপারের দ্বারস্থ হতে চলেছেন বধূর স্বামী। এবিষয়ে বধূর স্বামী বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছিল। ব্যবসা থেকে সন্ধ্যার পর বাড়ি ফিরে স্ত্রীকে আর খুঁজে পাইনি। পুলিস আমার স্ত্রীকে দ্রুত খুঁজে বের করুক। তপন থানার পুলিস জানিয়েছে, ওই বধূর খোঁজ পেতে সব রকম চেষ্টা চলছে।



