সংবাদদাতা, তুফানগঞ্জ: কোচবিহার জেলা পুলিসের উদ্যোগে রবিবার ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। তুফানগঞ্জে শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানা মোড় থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে দত্তপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় যোগ দেন ৩০০ জন প্রতিযোগী। দৌড়ের সূচনা করেন জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় দাস সহ অন্যান্য আধিকারিকরা। জেলা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অতোয়ার মিয়াঁ, সুদীপ সরকার ও আনন ব্যাপারী। মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শুক্লা মোদক,অনুষ্কা পন্ডিত এবং রেশমা খাতুন।



