Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা থেকে সুন্দরবন, সরাসরি বাস পরিষেবা চালুর দাবিতে সরব পর্যটকরা

কলকাতা থেকে সুন্দরবন যাওয়ার জন্য সরাসরি বাস পরিষেবা চালুর দাবি তুলেছেন পর্যটকরা। যাতায়াতের সুবিধা বাড়াতে সরকারের নজর দেওয়া উচিত। বিস্তারিত পড়ুন।

কলকাতা থেকে সুন্দরবন, সরাসরি বাস পরিষেবা চালুর দাবিতে সরব পর্যটকরা
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা থেকে বকখালি, দীঘা এমনকি উত্তরবঙ্গ যাওয়ার সরাসরি বাস রয়েছে। অথচ বিশ্বের অন্যতম আকর্ষণ সুন্দরবন যাওয়ার জন্য কলকাতা থেকে সরাসরি কোনো বাস নেই। পর্যটকদের ট্রেন, অটো বা অন্য মাধ্যমে আসতে হয়। যাতায়াতের ঝক্কি এড়াতে তাই নতুন সরকার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পৌঁছানোর জন্য কলকাতা থেকে সরাসরি বাস পরিষেবা চালু করুক। এমনই দাবি উঠেছে পর্যটকদের পক্ষ থেকে। এলাকার মানুষও এই দাবি নিয়ে একমত। ধর্মতলা থেকে এক বাসে গদখালি বা বাসন্তীর সোনাখালি পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা গেলে অনেক সুবিধা হবে বলে তাঁদের দাবি।

Advertisement

শীতকাল হোক বা বর্ষা। সুন্দরবনে আসার হিড়িক লেগেই থাকে। ভিন জেলা শুধু নয়, বাইরের রাজ্য থেকেও অগুনতি মানুষ আসেন বাদাবনের গহীন অরণ্য উপভোগ করবেন বলে। তার সঙ্গে নদীবক্ষে যেতে যেতে রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পেলে তা উপরি পাওনা। অনেকেই বাসন্তী সোনাখালি থেকে নৌকো করে ভ্রমণ শুরু করেন আবার কেউ কেউ গদখালি পৌঁছে সেখান থেকে নৌকো নেন। দূর দূরান্ত থেকে যাঁরা আসেন, তাঁদের শিয়ালদহ থেকে ট্রেনে চেপে ক্যানিং তারপর অটো করে যেকোনো একটি  ফেরিঘাট পর্যন্ত আসতে হয়। তল্পিতল্পা নিয়ে বারবার ট্রেন বা অটো থেকে ওঠানামা করা একপ্রকার ঝুঁকি বলেই মনে করেন পর্যটকরা। সেক্ষেত্রে সরাসরি বাস থাকলে একবার উঠেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। এতে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। সে কারণেই কলকাতা থেকে এই পর্যটন কেন্দ্রে বাস চালানো প্রয়োজন বলে মনে করছেন পর্যটকদের একটা বড়ো অংশ। 
তাঁদের বক্তব্য, ধর্মতলা থেকে বকখালি, শিলিগুড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়। ব্যতিক্রম একমাত্র এই সুন্দরবন। তাই সরকারের এদিকে নজর দেওয়া উচিত। জানা গিয়েছে, বিগত সরকারের সময়, ঘটা করে গোসাবা ও বাসন্তী থেকে সরকারি বাস পরিষেবা চালু করা হয়েছিল। কিছুদিন যেতে না যেতে সেই বাস আর দেখা যায় না। 
এলাকাবাসীদের বক্তব্য, দুটি করে বাস চলত। একটি সকালে এবং একটি বিকালে। ওই দিয়ে কি আর পরিষেবা স্বাভাবিক রাখা যায়! এখন তো আর দেখা যায় না। বর্ষা আসছে এবং তার সঙ্গে শুরু হয়ে যাবে ইলিশ উৎসব। বাড়বে পর্যটকদের ভিড়। তাই এই সময় বাড়তি বাস চালু করা গেলে দূর দূরান্ত থেকে যাঁরা আসবেন বলে পরিকল্পনা করছেন, তাঁদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিভিন্ন ট্যুর অপারেটর এবং বোট মালিকদের একাংশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ