ফিরদৌস হাসান, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কেরান উপত্যকায় বাড়ি মহম্মদ রশিদ ভাটের। স্নাতক হয়েও চাকরি জোগাড় করতে না পেরে তিনি পর্যটন ব্যবসায় নামেন। ২০২২ সালে তাঁর দোতলা বাড়িতেই শুরু করেন পর্যটকদের জন্য হোম-স্টে। প্রত্যন্ত উপত্যকায় প্রকৃতির অনন্যসুন্দর রূপের টানে বহু পর্যটকই তাঁর হোম-স্টেতে এসে থাকতে শুরু করেন। বছরের যে কোনো সময়েই মহম্মদের বাড়িতে পর্যটকের ভিড় লেগেই থাকত। ২০২২ সালের হোম-স্টে পলিসিতে নামও লেখান তিনি। তবে গত কয়েক বছরে তিনি দেখেন ভূস্বর্গের চেনা জায়গার প্রতি মানুষের আকর্ষণ যেমন বাড়ছে, সেরকমই পাল্লা দিয়ে বাড়ছে অফবিটের চাহিদা। তিনি যা ভেবেছিলেন, তার থেকেও বেশি পর্যটক তাঁর হোম-স্টেতে আসতে শুরু করেন। সে কারণেই তিনি থাকার জায়গা আরও বাড়িয়ে নেন। মহম্মদের কথায়, ‘পর্যটকরা স্থানীয় বাড়িতে থেকে, এলাকার খাবার ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে চান। সে কারণেই গত কয়েক বছরে কাশ্মীরের অফবিটে পর্যটকদের আকর্ষণ অনেকটাই বেড়েছে।’



