সংবাদদাতা, উলুবেড়িয়া: পার্কের চারদিকে পড়ে আছে খাবারের প্যাকেট, আগাছায় ভরতি আশেপাশের এলাকা। আর এই অপরিষ্কার পরিবেশের মধ্যে বসেই নদীর সৌন্দর্য দেখতে হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের। এলাকাবাসীরা বলছেন, আগে এই এলাকা সাফসুতরো করা হলেও বর্তমানে তা হয় না। দ্রুত পার্কটিকে পরিষ্কার করার দাবি জানান তাঁরা।
এই কেন্দ্রে বছর খানেক আগে রাজ্য সরকারের উদ্যোগে একটি পার্ক তৈরি করা হয়। পার্কে বসার চেয়ার ছাড়াও বাহারি গাছ ও সুদৃশ্য আলো বসানো হয়েছিল। যদিও বর্তমানে এই জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে উঠেছে। চেয়ারের পাশে খাবারের প্যাকেট, আবর্জনা জমে আছে। চারিদিক ভরেছে আগাছায়। পর্যটকরাই বলছেন, যেভাবে নোংরা-আবর্জনা, আগাছায় চারদিক ভরে রয়েছে, তাতে আর চেয়ারে বসতে মন চাইছে না। শিশুরাও বসতে চাইছে না। ফলে দাঁড়িয়েই নদীর সৌন্দর্য দেখতে হচ্ছে। আগে কিন্তু জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্নই ছিল। কিন্তু মাস চারেক আগে থেকে এই অবস্থা।
স্থানীয় বাসিন্দাদের মতে, আগে একজন মহিলা পার্কটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন। কিন্তু তিনিও সেটা আর করছেন না। মাসখানেক আগে এলাকার ক্লাবের ছেলেরা পার্কটি একবার পরিষ্কার করেছিল। কিন্তু তাঁরা আর করেননি। ফলে এই পরিস্থিতি।
এই বিষয়ে হাওড়ার সভাধিপতি গোপা ঘোষ বলেন, একটি বেসরকারি এজেন্সিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব দেওয়া আছে। তাদেরই পরিষ্কার করার কথা। কিন্তু কেন পরিষ্কার করা হয়নি, সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি।