Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেশি আয়ের লোভে টোটোতে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত, দুর্ঘটনার আশঙ্কা

বেশি আয়ের লোভে টোটোতে অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত, দুর্ঘটনার আশঙ্কা
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সাঁইথিয়া: অধিক উপার্জনের লোভে টোটোর পিছনে লাগানো হচ্ছে হাইড্রোলিক লাগানো ক্যারিয়ার। এভাবেই ঝুঁকি নিয়ে বেআইনিভাবে চলছে যাত্রী পরিবহণ। বাদ যাচ্ছে না চায়না ভ্যানো। শহরজুড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অথচ উদাসীন প্রশাসন। সদর শহর সিউড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে অধিক লাভের আশায় তিন চাকার পরিবহণে বেশি যাত্রী পরিবহণ করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ফলে শহরে ঘটছে নিত্য ছোটবড় দুর্ঘটনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিউড়ি-সাঁইথিয়া রাস্তায় অধিক যাত্রী নিয়ে টোটো চলাচলের কারণে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন টোটোর এক যাত্রী। আহত ও হয়েছিলেন বেশ কয়েকজন। এসপির মোড়, হাটজনবাজার, কড়িধ্যা,বাসস্ট্যান্ড, মোড় সহ শহরের একাধিক জায়গায় টোটো উল্টে আহত হচ্ছেন যাত্রীরা। এছাড়াও সদর শহরের পাশাপাশি জেলার অন্যান্য শহরেও অনিয়ন্ত্রিত টোটোতে অধিক যাত্রী পরিবহণের কারণে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যদিও এতে আমল দিতে নারাজ টোটো থেকে চায়না ভ্যানচালক সকলেই। যাত্রীদের অভিযোগ, এখন বেশ কিছু টোটোতে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য হাইড্রোলিক ক্যারিয়ার লাগানো হচ্ছে। কিন্তু জিনিসপত্রের পাশাপাশি বেশি টাকা লাভের আশায় সেগুলিতে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহণ করা হচ্ছে। তার ফলে অধিকাংশ সময়ে টোটোর সামনে চাকা উঠে টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। আহত হচ্ছেন যাত্রীরা। টোটোর এক যাত্রী প্রতীক দাস বলেন, শহরজুড়ে টোটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষ কার্যত অতিষ্ঠ। টোটো রাজ থামাতে প্রশাসন কোনও উদ্যোগই নেয় না। এখন আবার কিছু টোটো পেছনে হাইড্রোলিক লাগানো ক্যারিয়ার তৈরি করে যাত্রী পরিবহণ করছে। খানাখন্দে ভরা রাস্তায় অধিক যাত্রী নিয়ে যাওয়ার ফলে টোটোর সামনের চাকা প্রায় উঠে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের তরফ থেকে টোটোকে রেজিস্ট্রেশন করানো, বারকোড ও লাগানোর কাজ চলছে। কিন্তু চায়না ভ্যানোকে সরকার থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবুও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অধিক যাত্রী নিয়ে চলেছে গ্রাম থেকে শহরের পথে। টোটোর ব্রেক কাজ করে। কিন্তু চায়না ভ্যানোর ব্রেক অনেক সময় কাজ করে না বলে অভিযোগ যাত্রীদের। যার ফলে অধিকাংশ সময়ই দুর্ঘটনার কবলে পড়ছে চায়না ভ্যানো। পণ্য পরিবহণের পাশাপাশি দিনমজুররা গ্রাম থেকে শহরে কাজে আসার জন্য গাদাগাদি করে চায়না ভ্যানোতে চেপে আসেন। শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, যার থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে, সেরকম কিছুই বরদাস্ত করা হবে না। টোটোতে চারজন যাত্রীর বেশি বসানো যাবে না। খুব অসুবিধা হলে পাঁচজন যাত্রী নিয়ে যেতে পারে। এর থেকে বেশি যাত্রী পরিবহণ করলে ফাইন দিতে হবে। এ বিষয়ে সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, এটা পুরোপুরি বেআইনি। এমন কোনও ঘটনা নজরে এলে আইনি পদক্ষেপ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ