পুরাতন মালদহ, মানিকচক, বৈষ্ণবনগর থেকে টোটো ঢুকবে না ইংলিশবাজারে
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরাতন মালদহ, গাজোল, মানিকচক কিংবা বৈষ্ণবনগর থেকে আসা কোনো টোটো ঢুকতে পারবে না ইংলিশবাজার শহরে। এমনই নির্দেশ জারির পথে হাঁটতে চলেছে মালদহ জেলা প্রশাসন। ইতিমধ্যেই জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে প্রশাসনের তরফে এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেইসঙ্গে জেলার কোন বিধানসভা এলাকায় এখন কত টোটো ও অটো চলছে, সেগুলির রুট কী রয়েছে, যানজট সমস্যা সমাধানে নতুন করে কোনো রুট নির্ধারণ করা যায় কি না, কোথায় কোথায় টোটো স্ট্যান্ড বা পার্কিং জোন করা যায়, সবটা সাত দিনের মধ্যে জানাতে বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়েছে। সমস্ত তথ্য হাতে আসার পর তা খতিয়ে দেখে পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। 

Advertisement

মালদহের অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার বলেন, ইংলিশবাজার শহরের যানজট রুখতে পুরসভা রোডম্যাপ তৈরি করেছে। শীঘ্রই তা বাস্তবায়িত করা হবে। সেটা দেখে জেলার অন্যান্য শহরে, যেখানে যানজট সমস্যা রয়েছে, সেখানে তা কার্যকর করব আমরা। একইসঙ্গে মানিকচক, বৈষ্ণবনগর, গাজোল, পুরাতন মালদহ থেকে এখন যেভাবে ইংলিশবাজার শহরে টোটো  ঢুকছে, সেটা যাতে বন্ধ হয়, সেই পথে হাঁটতে চাইছি। সেক্ষেত্রে ওইসব এলাকা থেকে আসা টোটো ইংলিশবাজার শহরে ঢোকার মুখে কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে নামিয়ে দেবে যাত্রীদের, সেখান থেকে যাত্রীরা শহরের টোটোতে গন্তব্যে পৌঁছাবেন। 
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি বলেন, টোটোর রুট তৈরি করছি আমরা। রাস্তার ধারে যাতে কোনো বাইক না থাকে, সেজন্য চার-পাঁচটি পার্কিং জোন করা হচ্ছে।
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, অটো, টোটো নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েকদিন আগে মিটিং হয়েছে। সেখানে আমাদের বলা হয়েছে, পুরাতন মালদহ থেকে ইংলিশবাজার শহরে যাতে টোটো না ঢোকে, সেজন্য বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে দিতে হবে। ইংলিশবাজার শহরে ঢোকার আগে সেই জায়গা পর্যন্ত গিয়ে পুরাতন মালদহের টোটো যাত্রীদের নামিয়ে দেবেন। এছাড়া পুরাতন মালদহ পুর এলাকায় কত টোটো বা অটো চলে, কোনো রুট তৈরির দরকার আছে কি না কিংবা যানজট সমস্যা সমাধানে কোথায় টোটো স্ট্যান্ড করলে ভালো হয়, সবটাই জানাতে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে। আমরা ইংলিশবাজার ও পুরাতন মালদহের মধ্যে আগে যে বাস পরিষেবা ছিল, তা ফের চালু করতে বলেছি।
এদিকে, মানিকচকে অটো ও টোটো চলা নিয়ে বেসরকারি বাস মালিকদের ক্ষোভ রয়েছে। এনিয়ে শীঘ্রই বৈঠকে বসা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে তার আগে কোনো বাসস্ট্যান্ড দখল করে যাতে টোটো দাঁড়িয়ে না থাকে, সে ব্যাপারে আঞ্চলিক পরিবহণ আধিকারিককে দেখতে বলা হয়েছে। চাঁচলের যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে ডিসেম্বরের মাঝামাঝি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এনিয়ে অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদারের বার্তা, চাঁচলে পিডব্লুডির রাস্তা দখল করে দোকানপাট হয়েছে। তাছাড়া রাস্তার উপর বাস দাঁড়াচ্ছে। যার কারণে যানজট বাড়ছে। এসব চলবে না।