


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিধানসভা নির্বাচনের পর হাওড়া জেলা জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে শুরু হওয়া বিশেষ অভিযানে ফের বড়ো সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিং গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই এবার লিলুয়া থানার পুলিশের জালে ধরা পড়ল আরও দুই অভিযুক্ত। ধৃতদের নাম রঞ্জিত কর্মকার ওরফে লালু এবং রাজবীর সিং ওরফে ঘেঁটু। দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, তোলাবাজি ও একাধিক অসামাজিক কার্যকলাপের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ। স্থানীয় মহলে তারা তৃণমূল ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত।
পুলিশ সূত্রে খবর, লিলুয়া এলাকায় অবৈধ টোটো সিন্ডিকেটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই দুই দুষ্কৃতী। অভিযোগ, বিজেপি সমর্থক হিসাবে পরিচিত এক চালকের টোটো আটকে তার কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয়। বাধ্য হয়েই ওই টাকা মিটিয়ে টোটো ফেরত পেয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ ওই টোটোচালকের। শুধু তাই নয়, রাজনৈতিক পরিচয়ের কারণ দেখিয়ে ভবিষ্যতেও ‘নিয়ম মেনে’ টাকা দিতে হবে বলে লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল বলে তাঁর দাবি। এরপরই লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই টোটোচালক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তের পর দুই ব্যক্তি গ্রেপ্তার হয়।