‘বর্তমান ডিজিটাল’-এ দর্শনার্থীদের  ভোটে সেরা চন্দননগরের ৩ পুজো
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: ‘বর্তমান ডিজিটাল’-এর পক্ষ থেকে হুগলি জেলার সেরা জগদ্ধাত্রী পুজোকে পুরস্কৃত করা হল। চন্দননগরের তিন‌ বারোয়ারি পুজো কমিটি পুরস্কৃত হয়েছে। ‘বর্তমান ডিজিটাল’ মোট দশটি আকর্ষণীয় পুজোর তালিকা প্রকাশ করেছিল। সপ্তমীর বিকাল থেকে নবমীর দিন সকাল ১০টা পর্যন্ত নেটিজেনরা ‘বর্তমান ডিজিটাল’-এর ফেসবুক পেজে তাঁদের পছন্দের জগদ্ধাত্রী পুজোকে নির্বাচিত করেন। তেমাথা শিবমন্দির সর্বজনীন, দৈবকপাড়া সর্বজনীন, মধ্যাঞ্চল সর্বজনীন, উত্তরাঞ্চল সর্বজনীন, হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি, খলিসানি সর্বজনীন, কলপুকুর ধার সর্বজনীন, হাটখোলা মনসাতলা সর্বজনীন, নতুন তিলিঘাট সর্বজনীন, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব— এই দশটি পুজো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বুধবার সকাল পর্যন্ত দর্শনার্থীদের দেওয়া ভোটের ফলাফলে ৩৯ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, ৩২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দৈবকপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবং তৃতীয় স্থানে রয়েছে তেমাথা শিব মন্দির সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এদিন বিকালে প্রত্যেক পুজো কমিটিকে ‘বর্তমান ডিজিটাল’-এর পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়। পুজো কমিটিগুলি ‘বর্তমান ডিজিটাল’কে এই পুরস্কারের জন্য ধন্যবাদ জানিয়েছে।

Advertisement