Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল শ্রাবণের শেষ সোমবার, ভিড় এড়াতে আগেভাগেই জল্পেশে ভক্তরা

রবিবার জল্পেশ শ্রাবণী মেলার শেষ সপ্তাহ। রবিবার ভক্তরা আসবেন, সোমবার শিবের মাথায় জল ঢেলে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এবছরের মতো শেষ হয়ে যাবে শ্রাবণী মেলা।

কাল শ্রাবণের শেষ সোমবার, ভিড় এড়াতে আগেভাগেই জল্পেশে ভক্তরা
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার জল্পেশ শ্রাবণী মেলার শেষ সপ্তাহ। রবিবার ভক্তরা আসবেন, সোমবার শিবের মাথায় জল ঢেলে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এবছরের মতো শেষ হয়ে যাবে শ্রাবণী মেলা। গত সপ্তাহে রেকর্ড ভিড় হয়েছিল। শেষ সপ্তাহেও ব্যাপক ভিড় হতে পারে। আর সে কারণেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ বিভিন্ন জেলা থেকে শনিবারই পুজো দিতে জল্পেশ মন্দিরে এলেন প্রচুর ভক্ত। ভক্তরা জানিয়েছেন, এবছর শ্রাবণী মেলায় প্রশাসনের ব্যবস্থা নিয়ে তারা খুব খুশি। খুব শান্তিতে পুজো দিয়েছেন।

Advertisement

এবছর শ্রাবণী মেলা শুরু হয়েছিল ২০ জুলাই থেকে। ১১ আগস্ট মেলা শেষ হতে চলেছে। এবছর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নজরে এসেছে। একদিকে যেমন জল্পেশ মেলার মাঠে তৈরি করা হয়েছে টিকিট কাউন্টার, অন্যদিকে মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি জর্দা সেতুর উপর একটি ফুট ব্রিজ ও একটি পাকা সেতু উদ্বোধন করেছেন। অন্য বছরের তুলনায় এবছর বেশি পুলিস মোতায়েন করা হয়েছে। সাইকেলে করেও চলেছে পুলিসের টহল। গত রবিবার ও সোমবার শ্রাবণী মেলায় সর্বকালের রেকর্ড ভিড় হয়েছিল বলে মন্দির কমিটি জানিয়েছে। 
আলিপুরদুয়ার জেলা থেকে আসা নীলিমা বর্মন, অঞ্জলি বর্মন বলেন, আমরা ১৫ জন একসঙ্গে এসেছি। এবছর প্রথম এলাম। পুজো দিয়ে খুব ভালো লাগল। এক আলাদা শান্তির অনুভূতি পেলাম। রবিবার ও সোমবার প্রচুর ভিড় হবে এটা ভেবেই শনিবার এসেছি। 
শিলিগুড়ি থেকে আসা দীপঙ্কর রায় বলেন, গত সপ্তাহে যে ভিড় হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি। আমার মা অসুস্থ। যেহেতু শেষ রবিবার সোমবার ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে, সে কারণেই মাকে নিয়ে এসেছি। মন্দিরে প্রবেশ করে জল ঢেলেছি।
জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, আমার দেখা সর্বকালের রেকর্ড ভিড় হয়েছিল গত সপ্তাহে। রবিবার ও সোমবার ভিড় হতে পারে। তবে ভক্তরা ভালোভাবে পুজো দিয়ে যাচ্ছেন। পুলিস প্রশাসন সহযোগিতা করেছে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ