সংবাদদাতা, নকশালবাড়ি: স্থানীয় বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আক্রমণ টোল ম্যানেজারকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফাঁসিদেওয়ার পশ্চিম মাদাতি টোল গেটে। টোল কর্মী সূত্রে জানা যায়, এদিন বিশ্বনাথ রায় ও সঞ্জীব দাস নামের দুই যুবক বিজেপি বিধায়ক দূর্গা মুর্মুর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে টোল না দেওয়ার অজুহাত দেয়। পরবর্তীতে টোল কর্মীরা টোল আদায়ের চেষ্টা করলে ওই দুই যুবক টোল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা দেখে ঘটনাস্থলে টোল ম্যানেজার পৌঁছতেই তাঁর ওপর চড়াও হয় ওই দুই যুবক বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টোলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই সময়ের ছবি। যেখানে কার্যত কয়েকজন ব্যক্তি বিজেপির দলীয় পতাকা নিয়ে বচসা শুরু করে টোল ম্যানেজারের সঙ্গে। পরবর্তীতে এক ব্যক্তি লাথি, ঘুসি মেরে মারধর করে ওই ম্যানেজারকে। এ বিষয়ে ফাঁসিদেওয়া থানার ওসি সুদীপ বিশ্বাস বলেন, এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এনিয়ে ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ককে ফোন ও ম্যাসেজ করা হলে তিনি কোনো উত্তর দেননি।



