দুবাই: দু’বছর আগে ডাম্বুলায় মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে স্বপ্নচূর্ণ হয়েছিল ভারতের। রবিবার সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি হরমনপ্রীত কাউর ব্রিগেডের সামনে। এশিয়া কাপ টি-২০’র ফাইনালে এবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কাই।
দুবাই: দু’বছর আগে ডাম্বুলায় মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে স্বপ্নচূর্ণ হয়েছিল ভারতের। রবিবার সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি হরমনপ্রীত কাউর ব্রিগেডের সামনে। এশিয়া কাপ টি-২০’র ফাইনালে এবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কাই।
দু’দলের শেষ দশ সাক্ষাতে ওই একবারই হেরেছে ভারত। সেবার ১৬৬ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। বাকি ৯ বারই হাসি মুখে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া। চলতি আসরেও অপ্রতিরোধ্য দেখাচ্ছে স্মৃতি-হরমনপ্রীতদের। অবশ্য প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাও অপরাজিত থেকেই উঠেছে ফাইনালে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। দুই ওপেনার এবং স্পিনাররাই সবচেয়ে বেশি ভরসা দিচ্ছেন ভারতকে। শেফালি ভার্মা দু’টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ১৬৮ রান। স্মৃতি মান্ধানার ব্যাটে এসেছে ১৫৪। তবে একটি শতরান ছাড়া বাকি ম্যাচগুলিতে তাঁর ব্যাটে তেমন বড়ো রান নেই। বরং দু’বার দশের কম রানে ফিরেছেন ড্রেসিং-রুমে। অবশ্য ভারতের মিডল অর্ডারের দশা আরও খারাপ। প্রতীকা রাওয়াল, ক্যাপ্টেন হরমনপ্রীত, রিচা ঘোষ, ভারতী ফুলমালিরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। তুলনায় শ্রীলঙ্কার মিডল অর্ডার যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সেমি-ফাইনালে রান তাড়া করতে নেমে ৩৩ রানে চার উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় তারা। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ রানে পাঁচ উইকেট পড়ার পরও ম্যাচ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে চামারি আটাপাট্টুর দল। গ্রুপ পর্যায়েও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ভেঙে পড়েছিল মিডল অর্ডার। কিন্তু তারপরও জিতেছে শ্রীলঙ্কা।
ভারতীয় স্পিনাররা চলতি আসরে নিয়েছে ২৬টি উইকেট। দীপ্তি শর্মা, শ্রী চরণি, প্রেমা রাওয়াত— ত্রয়ীকে দেখাচ্ছে বিধ্বংসী। প্রয়োজনে হাত ঘোরাচ্ছেন শেফালিও। উলটোদিকে শ্রীলঙ্কার স্পিনাররাও সাফল্য পাচ্ছেন। তাঁদের সম্মিলিত উইকেট সংখ্যা ২৫। তবে ক্যাপ্টেন চামারির ব্যাটে রানের খরা তাদের বড়ো উদ্বেগ। এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতের প্রমীলা বাহিনী। এবার জিতলে রেকর্ড আরও উজ্জ্বল হবে। তবে তার জন্য ফিল্ডিংয়ে উন্নতি জরুরি। চার ম্যাচে ভারত যে ফসকেছে মোট ৯টা ক্যাচ!
খেলা শুরু রাত ৮টায়।
সম্প্রচার সোনি নেটওয়ার্কে।