Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ বিসর্জনের শোভাযাত্রায় চমক রিষড়ার, শেষদিনেও ভিড়ের দাপট

আজ, মঙ্গলবার রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন ও শোভাযাত্রার উৎসব হবে। সোমবার এই নিয়ে দিনভর চূড়ান্ত তৎপরতা দেখা গিয়েছে। শহরের পূর্ব ও পশ্চিমপাড়ে সাজোসাজো রব।

আজ বিসর্জনের শোভাযাত্রায় চমক রিষড়ার, শেষদিনেও ভিড়ের দাপট
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ, মঙ্গলবার রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন ও শোভাযাত্রার উৎসব হবে। সোমবার এই নিয়ে দিনভর চূড়ান্ত তৎপরতা দেখা গিয়েছে। শহরের পূর্ব ও পশ্চিমপাড়ে সাজোসাজো রব। পুজোর আয়োজনে চন্দননগরকে টেক্কা দেওয়ার মানসিকতা যেমন রিষড়ার থাকে তেমনই থাকে বিশ্ববিখ্যাত শোভাযাত্রাকে চ্যালেঞ্জ করার প্রয়াস। সেই প্রয়াসের হাত ধরেই রিষড়ার জগদ্ধাত্রী ঠাকুর নিরঞ্জনের শোভাযাত্রা ইতিমধ্যেই চর্চিত হয়ে উঠেছে। এবারও দর্শকদের তাক লাগিয়ে দিতে চায় তারা। ভাসানের থিম নিয়ে গোপনীয়তা ও পরিকল্পনার অন্ত নেই।

Advertisement

পাশাপাশি, শেষদিনের পুজোকে কেন্দ্র করে সোমবারও মোহন সাজে সেজেছিল রিষড়া। থিমের বাহার থেকে আলোকসজ্জার কেরামতি মন্ত্রমুগ্ধ করেছে। তাই শেষদিনও ভিড় জমেছিল শহরের পূর্ব ও পশ্চিমপাড়ে। মূলত রিষড়া ও আশপাশের জনপদের নাগরিকরাই এদিন বেশি ভিড় জমিয়েছিল। উদ্যোক্তাদের আশা, মঙ্গলবার শোভাযাত্রা দেখতেও বাঁধভাঙা ভিড় হবে। দর্শক মহলেও রিষড়ার শোভাযাত্রা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ২০২৪ সালে সারদামাতা ফরোয়ার্ড ক্লাব, লেনিনমাঠ যুবগোষ্ঠী, পিসি মুখার্জি স্ট্রিটের বিসর্জনের শোভাযাত্রা চমক জাগিয়েছিল। নাচে, গানে, ব্যান্ডের আয়োজনে এবং অবশ্যই আলোকসজ্জার বর্ণময়তা এবারও নামবে রাজপথে। 
পুজো দেখতে শেষবেলায় উপচে পড়েছিল ভিড়। রবিবার ভিড়ের দাপটে বিধ্বস্ত হয়ে পড়েছিল রিষড়া। ছুটির দিনের সেই বাঁধভাঙা জলস্রোতের মতো ভিড় সোমবার ছিল না। তবে শেষদিনের পুজো দেখতেও ভিড় খুব কম হয়নি। মূলত রাত গড়ানোর পর ভিড়ের দাপট দেখা গিয়েছে। রাত যত গভীর হয় সেই দাপট বেড়েছে। উৎসবের মনোরম পরিবেশ ছিল সর্বত্র। থিমপুজোর বর্ণময় মণ্ডপ, আলোর বাহারি সাজ তাকে আরও আকর্ষক করেছিল। রিষড়ার তরুণ সংঘের এবারের থিম পালকি কথা। বর্তমানে বিলুপ্তপ্রায় পালকি, গোরুর গাড়ির মতো যানবাহনে মণ্ডপ সাজিয়ে চমক দিয়েছে উদ্যোক্তারা। সেই মণ্ডপ ছিল ভিড়ে ঠাসা। আবার রিষড়ার অন্যতম প্রাচীন থিমপুজোর মণ্ডপ দেওয়ানজি স্ট্রিট যুবক সংঘ। সেখানকার থিম, দিনযাপন। শ্রমজীবী মানুষের জীবন, তাঁদের ব্যবহারের নানা জিনিসে মণ্ডপ সাজানো হয়েছিল। সাবেক প্রতিমা আর থিমের আকর্ষণে সেখানেও নজরকাড়া ভিড়। পাখিজীবন থেকে জলজীবন, কল্পকথার জীবন নিয়েও এবার একগুচ্ছ থিম মণ্ডপ হয়েছে রিষড়ায়। শেষদিনে সেসব মণ্ডপসজ্জাও ঘুরে দেখতে থইথই ঩ভিড় দেখা গিয়েছে শহরে।
আজ প্রায় ৩৩টি পুজো নিয়ে ভাসানের শোভাযাত্রা হবে। যা সাম্প্রতিক সময়ের মধ্যে বৃহত্তম। পুজো ও শোভাযাত্রা বৃদ্ধির কারণে এবার একটি ঘাট বাড়ানো হয়েছে। তবে পুজোর শেষ পর্বে শোভাযাত্রায় মাতিয়ে দিতেই সোমবার ব্যস্ত ছিল রিষড়া। মনোরম শোভাযাত্রায় পুজো মরশুমের অন্তিম চমক দিতে কোমর কষছে হুগলির নতুন জগদ্ধাত্রী নগরী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ