নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: আজ, বৃহস্পতিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে মোট ৩৫টি আসনে মোট ২৯৪জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। বুধবার তিন জেলার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে বুথের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুক, হলদিয়া, বাজকুল, কাঁথি ও এগরা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটকর্মীরা বুথে রওনা দেন। তমলুকের নিমতৌড়িতে মাতঙ্গিনী গভর্নমেন্ট মহিলা কলেজে ডিস্ট্রিবিউশন সেন্টারে প্রচণ্ড গরমে একাধিক মহিলা ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েন। ১১৬নম্বর জাতীয় সড়কের উপর বুথে যাওয়ার বাস ছিল। ডিসি সেন্টার থেকে বাসে যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত সংখ্যক ছিল না। তপ্ত দুপুরে অনেক ভোট কর্মীকে হেঁটে যেতে হয়। প্রচণ্ড গরমে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন ভোটকর্মীরা।
পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা ১৬টি। মোট ১৩৩জন প্রার্থী লড়াই করছেন। তারমধ্যে নন্দীগ্রাম নিয়ে গোটা রাজ্যের আগ্রহ তুঙ্গে। নজরকাড়া এই কেন্দ্রে ভোটের দু’দিন আগে পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধুরীকে সরিয়ে নতুন পর্যবেক্ষক হিসাবে অখিলেশ সিংকে নিয়োগ করা হয়েছে। এছাড়া, চণ্ডীপুর, কাঁথি দক্ষিণ, তমলুকের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি আসনের দিকে বিশেষ নজর থাকবে। পূর্ব মেদিনীপুরে মোট ভোটার সংখ্যা ৪১লক্ষ ৬০হাজার ১৫৪জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২১লক্ষ ৪৫হাজার ২১৮জন। মহিলা ভোটার ২০লক্ষ ১৪হাজার ৮৯৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আরও ৪১জন। মোট ২৭৫কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। তারমধ্যে ২৭৩কোম্পানি বুথ সুরক্ষায় থাকছে। বাকি দুই কোম্পানি আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করবে।
জেলায় মোট ৫০৪০বুথে ভোটগ্রহণ হবে। তারমধ্যে ১২৫৩বুথে শুধুমাত্র মহিলা ভোট কর্মীরাই থাকবেন। ১৬টি বুথকে মডেল হিসাবে গড়া হয়েছে। ৫০৪০বুথেই ওয়েব কাস্টিং থাকবে। জেলা প্রশাসন মোট ৩৯৬বুথকে স্পর্শকাতর এবং ৪৪৩বুথকে ক্রিটিক্যাল হিসাবে চিহ্নিত করেছে। মোট ৪৩০টি সেক্টর রয়েছে। গোটা জেলায় ২৫৩টি ক্যুইক রেসপন্স টিম কাজ করবে। মোট পোলিং প্রেমিসেস সংখ্যা ৩৬৫২টি। মোট ২৭৩কোম্পানি আধা সেনা পূর্ব মেদিনীপুরে বুথ সুরক্ষায় থাকবে। এছাড়া, আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝামেলা মোকাবিলার জন্য বিভিন্ন জায়গায় থাকবে। জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক ভোটার তাঁদের নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৫টি বিধানসভা কেন্দ্র। মঙ্গলবার চারটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে বুথে রওনা দেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৭লক্ষ ৭০হাজার ৭৯৪জন। তারমধ্যে পুরুষ ভোটার ১৯লক্ষ ১৯হাজার ৫৪৬জন ও মহিলা ভোটার ১৮লক্ষ ৫১হাজার ২২৮জন। মোট বুথের সংখ্যা ৪৭৫৩টি। মোট প্রার্থী সংখ্যা ১২২জন। ৩২জন নির্দল প্রার্থী আছেন। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৪০৮টি। ভোটের কাজে ১৭ হাজার ৩৮৪জন পুরুষ ভোটকর্মী ও ১৬৩২জন মহিলা ভোটকর্মী নিযুক্ত হয়েছেন। ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকবে। জেলা নির্বাচনি আধিকারিক বিজিন কৃষ্ণা বলেন, সকলকে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন জানানো হচ্ছে। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ঝাড়গ্রামে মোট চারটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। মোট প্রার্থী ৩৯জন। মোট ভোটার সংখ্যা ৯লক্ষ ১০হাজার ৯৫৯জন। মোট বুথসংখ্যা ১১৭৬টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৪৩টি। মোট ৭৪কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। মহিলা পরিচালিত বুথ ১৩৫টি। মোট ভোটকর্মী ৫১৭৪। পুরুষ ভোটকর্মীর সংখ্যা ৪৫৮০জন। মহিলা ভোট কর্মীর সংখ্যা ৫৯৪জন।